ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবলীগের নেতা মেহেদী হাসান ইলিয়াস হত্যাকাণ্ডের চার দিন পর গতকাল শনিবার গফরগাঁও থানায় দুটি মামলা হয়েছে। নিহত ইলিয়াসের মা জমিলা খাতুন বাদী হয়ে হত্যা, ডাকাতি, লুটপাটের ধারায় ও অন্যটি বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় এ মামলা দুটি করেন।উভয় মামলায় যুবলীগের নেতা পরিচয় দানকারী এলাকার কামরুল পালোয়ান ওরফে হাতকাটা কামরুল ডাকাত এবং আন্তজেলা ডাকাতদলের সর্দার শফিকুল ওরফে সমবাইরা ডাকাত, ইখলাস ডাকাতসহ ৪০ জন এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। আর মামলা দুটির তদন্তের দায়িত্ব পেয়েছেন গফরগাঁও থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ফরাজি।থানার পুলিশ গতকাল ভোরে অভিযান চালিয়ে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে ইংরাজ ওরফে ইঙ্গু (৫০) ও পার্শ্ববর্তী ভালুকা উপজেলার সীমান্ত থেকে নিগুয়ারী ইউনিয়নের অললী গ্রামের কাসেম খানকে (৪০) গ্রেপ্তার করেছে।