চার দিন পরও কাউকে আটক করেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মিসকাত মিশু (১৯) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর চার দিন পরও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গত বুধবার নগরের দেওয়ানবাজার গুড়ামিয়া লেইনের জহরা ভবনের মালিক আবদুল খালেকের বাসা থেকে মিশুর লাশ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। এ ঘটনায় পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছে। মিশু চট্টগ্রামের বাঁশখালীর মৃত আবদুর রহমানের মেয়ে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, ‘হরতাল-অবরোধ ডিউটিতে ব্যস্ত আছি। দেখি তদন্ত করে কিছু পাই কি না।’ ঘটনাস্থলে গিয়েছেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কয়েক দিনের মধ্যে যাব। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তদন্ত এগোবে না।’ কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজামউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গত বুধবার আবদুল খালেকের বাসার পঞ্চম তলায় বাথরুমের ভেতর থেকে মেয়েটির লাশ উদ্ধার করে। লাশটি সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল। মেয়েটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পিঠে নির্যাতনের পুরোনো চিহ্নও ছিল। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে সন্দেহ করা হচ্ছে।

মামলার বাদী কোতোয়ালি থানার এসআই একরামুল্লাহ বলেন, মেয়েটির তলপেট একটু ফোলা ছিল। মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কি না এবং মেয়েটি গর্ভবতী ছিলেন কি না, তা শনাক্ত করে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে। তিনি বলেন, ঘটনার পর মেয়েটির কোনো অভিভাবককে পাওয়া যায়নি। পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। গৃহকর্তা একে আত্মহত্যা বলে দাবি করেছেন।

বাঁশখালীর খানখানাবাদ ইউপি সদস্য কাজী সিরাজুল মোস্তফা বলেন, ‘মেয়েটির মা অসুস্থ। ময়নাতদন্ত প্রতিবেদনে কী আসে দেখি। প্রতিবেদন পাওয়ার পর মেয়েটির মায়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব আমরা।’