চার দিন বাকি, অথচ মিটারের দেখা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার সকাল ১০টা। চট্টগ্রামের জিইসির মোড়। রাস্তায় অসংখ্য সিএনজিচালিত অটোরিকশা। আগ্রাবাদ যাওয়ার কথা বলতেই একজন চালক বললেন, ১২০ টাকা। মিটারে যাবেন না—এমন প্রশ্ন করতেই বিস্ময় নিয়ে তাকালেন। কারণ, মিটারে চলা তো দূরের কথা, তাঁর সিএনজিতে মিটারই নেই।
চট্টগ্রামের অধিকাংশ অটোরিকশারই এ অবস্থা। অথচ চার দিন পর ১ জানুয়ারি থেকে মিটারে সিএনজি অটোরিকশা চলাচল বাধ্যতামূলক ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। কেউ মিটারে অটোরিকশা চালাতে না চাইলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সিএমপি।
বিআরটিএ, মালিক ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামে বর্তমানে নিবন্ধিত ১৩ হাজার সিএনজি আছে। বিআরটিএ ও সিএমপির পক্ষ থেকে এগুলোতে মিটার লাগানোর কথা বলা হয়েছে। তবে এর বাইরেও চট্টগ্রামে ১৫-১৬ হাজার অটোরিকশা রয়েছে, যেগুলোর কোনো নিবন্ধনই নেই।
গত দুই দিনে ভোলার চালক লোকমান হোসেন, চট্টগ্রামের পটিয়ার সাজেদুল মিয়া, চন্দনাইশের রিয়াজুলসহ অন্তত ২৫ জন চালকের সঙ্গে কথা হয়। তাঁরা বলছেন, চট্টগ্রাম ছোট শহর। কিন্তু এখানে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ৩০ হাজার সিএনজি চলে। এ কারণে চালকেরা কাঙ্ক্ষিত ভাড়া পান না। এখানে চালকদের দিনে জমা ৬০০ টাকা। এখন মিটার লাগিয়ে সরকার নির্ধারিত ৯০০ টাকা মালিকদের কাছে জমা দিতে বলা হলে চালকেরা বিপদে পড়বেন। কারণ, অনিবন্ধিত সিএনজিগুলো ঠিকই চলবে।
চালক ও নিবন্ধন আছে, এমন মালিকদের অভিযোগ, চট্টগ্রামের সিএনজি ট্যাক্সি মালিকদের জোট চট্টগ্রাম মহানগর অটোরিকশা-বেবি ট্যাক্সি মালিক সমিতির সভাপতি হায়দার আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের সঙ্গে বৈঠকে আমরা বারবার বলেছি, যেসব সিএনজির নিবন্ধন নেই, সেগুলো চলাচল আগে বন্ধ করেন। দেখা গেল, আমরা আমাদের সিএনজিতে মিটার লাগালাম, কিন্তু যাঁদের নিবন্ধন নেই, তাঁরা আগের মতোই চলছে; তাহলে তো বিশৃঙ্খলা থেকেই গেল।’ ১ জানুয়ারি থেকে মিটারে চলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার যেহেতু বলেছে, আমরা চেষ্টা করব। তবে কাজটা কঠিন।’
তবে বিআরটিএ ও মালিক সমিতির সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের সিএনজিগুলোতে মিটার বসানোর জন্য যেসব প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও এখনো পুরোদমে কাজ শুরু করতে পারেনি। সব মিলিয়ে তারা এখনো এক হাজার সিএনজিতেও মিটার বসাতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চট্টগ্রামের সহকারী পরিচালক রায়হানা আক্তার প্রথম আলোকে বলেন, তাঁরা ১০টি প্রতিষ্ঠানকে মিটার লাগানোর অনুমতি দিয়েছেন। এসব প্রতিষ্ঠানের নাম গতকালই তাঁরা জানিয়ে দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমরা মালিক-চালক সমিতির সবার সঙ্গে কথা বলেছি। ১ জানুয়ারি থেকে সব সিএনজিকে অবশ্যই মিটারে চলতে হবে। এর আগেই মিটার লাগাতে হবে। যাঁরা এই নিয়ম না মেনে রাস্তায় নামবেন, তাঁদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।’