চার দিনব্যাপী টি-শার্ট উৎসব শুরু
পোশাকে বসন্ত ও পোশাকে একুশ শিরোনামে নানান রঙের টি-শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবি, থ্রি পিছ, শাড়ি নিয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী বাংলাদেশ টি-শার্ট উৎসব। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে এ উৎসব শুরু হয়।
ষষ্ঠবারের মতো এই উৎসবের আয়োজন করেছে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি। এতে মার্কেটের দেশীয় পোশাকের ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বিকেলে সাড়ে পাঁচটায় দেশীয় পোশাকের এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘টি-শার্ট খুব আরামদায়ক পোশাক। এই টি-শার্ট তারুণ্যের, যৌবন, প্রতিবাদ ও জীবনের প্রতীক। কারণ, এতে থাকে প্রকৃতি, কবিতা ও বিচিত্র রং। যা মানুষকে তথ্য দেয়, শেখায়।’ তিনি বলেন, টি-শার্ট, মসলিন, জামদানিসহ বিভিন্ন পোশাকের মাধ্যমে দেশের ঐতিহ্য-ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হবে।
বাংলাদেশ টি-শার্ট উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মো. আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গবেষক ও ফ্যাশন পরামর্শক চন্দ্রশেখর সাহা, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী ও অভিনেত্রী আফসানা মিমি প্রমুখ বক্তব্য দেন। পরে ফ্যাশন শো, লালন যাত্রা ও ব্যান্ড শো অনুষ্ঠিত হয়।