‘আনন্দিত হও নন্দন নন্দিনী, নন্দিত আনন্দনে’ স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘আনন্দন উত্সব-১৪১৯’। উত্সবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দন’।বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উত্সবের উদ্বোধন করেন আনন্দনের উপদেষ্টা এ টি এম আতিকুর রহমান। এ সময় প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক মো. মনোয়ার হোসেন, ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী, সংগঠনের সভাপতি নাজিয়া ফেরদৌস ও সম্পাদক মো. মুনিরুজ্জামান উপস্থিত ছিলেন।পরে একই স্থান থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়া চত্বরে এসে শেষ হয়।অনুষ্ঠানের প্রথম দিন গতকাল সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আনন্দনের প্রযোজনায় ‘মানুষ ধরো, মানুষ ভজো’ শীর্ষক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধা জাকির হোসেনকে সম্মাননা দেওয়া হয়।অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ বুধবার রয়েছে নাট্য সংগঠন বটতলার প্রযোজনায় নাটক ফণা। কাল বৃহস্পতিবার আনন্দনের প্রযোজনায় রয়েছে আবৃত্তি অনুষ্ঠান ‘হাড়ের ও ঘরখানি’ ও নৃত্যানুষ্ঠান।উত্সবের শেষ দিন আগামী শুক্রবার রয়েছে আনন্দন পুনর্মিলনী। প্রতিটি অনুষ্ঠান সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।আনন্দনের সভাপতি নাজিয়া ফেরদৌস বলেন, সংস্কৃতিমনা শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেই এ উত্সবের আয়োজন করা হয়েছে।