চার দিনে এল ৫৫৮ রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হয় ১২ দিন আগে। এরপরও রোহিঙ্গাদের আসা বন্ধ হচ্ছে না। গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত টেকনাফে এসেছে ৩১ পরিবারের ৭২ রোহিঙ্গা। এ নিয়ে শুক্রবার থেকে গত চার দিনে নতুন করে ১৬৬ পরিবারের ৫৫৮ রোহিঙ্গা টেকনাফে এসেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, গত ২৩ নভেম্বর মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের পর থেকে রোহিঙ্গা আসার সংখ্যা অনেক কমেছে।

গতকাল আসা ৭২ রোহিঙ্গাকে প্রথমে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণকেন্দ্রে পাঠানো হয়। সেখানে মানবিক সহায়তা ও ত্রাণ দিয়ে তাদের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয় বলে জানান হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্ব পালন করা টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, গত শুক্রবার আসে ৭১ রোহিঙ্গা পরিবারের ৩১৫ জন, শনিবার ৩১ পরিবারের ৯১ জন এবং রোববার ৩৩ পরিবারের ৮০ জন। তাদেরও নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়।