চার দিনে জাফলংয়ে দ্বিতীয় পাথর শ্রমিকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ‘বোমা মেশিনের’ গর্তে পড়ে এবার বালুচাপায় প্রাণ হারালেন একজন পাথরশ্রমিক। মশকর আলী (৪৮) নামের ওই শ্রমিকের বাড়ি পশ্চিম জাফলং ইউনিয়নের ছাতার গ্রামে। পিয়াইন নদের তীরে গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
একই এলাকায় গত মঙ্গলবারই বোমা মেশিন নামে পরিচিত পাথর তোলার যন্ত্রের পাইপে আটকা পড়ে মৃত্যু হয় উপজেলার ভিত্রিখেল গ্রামের নওয়াজেশ খানের (৩০)। গতকালের দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা দেড়টার দিকে মশকর আলীসহ একদল পাথরশ্রমিক পানিতে ডুবে পাথর তুলছিলেন। একপর্যায়ে বোমা মেশিনের গর্তে বালুচাপা পড়েন তিনি। অন্য শ্রমিকেরা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর তাঁর লাশ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, বোমা মেশিনের একটি পুরোনো গর্তে বালুচাপা পড়ে মারা গেছেন মশকর। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। গত মঙ্গলবার আরেক শ্রমিকের মৃত্যুতেও কোনো অভিযোগ করা হয়নি।