গত চার দিনে তিনবার লাইনচ্যুত হয়েছে ঢাকা-ঈশ্বরদী রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’।
সর্বশেষ আজ শুক্রবার ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির দুটি বগি বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের রায়পুর উপজেলার মাহমুদপুরে লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম বলেন, সকালে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টিতে স্লিপারের নিচের মাটি সরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
বগি লাইনচ্যুত হওয়ার পর ওই ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। কখন বগি দুটি উদ্ধার করা সম্ভব হবে, তা সুনির্দিষ্টভাবে কেউ জানাতে পারেননি। ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক মো. খায়রুল আলম বলেন, বিকেলের মধ্যে লাইনটি চালু করা সম্ভব হতে পারে। স্থানীয়ভাবে উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে বিকেল পাঁচটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে গত মঙ্গলবার মাহমুদপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেসের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে সেই বগিটি রেখেই ট্রেনটি ঢাকায় চলে যায়। ওই দিন রাতে বগিটি উদ্ধার করা হয়। এরপর গত বুধবার রাত ১০টার দিকে রায়পুরে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে ইঞ্জিনটি উদ্ধার করে।
বারবার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় এই পথে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অন্তত পাঁচজন যাত্রী অভিযোগ করেন, সড়ক দুর্ঘটনার কারণে নিরাপদ যাত্রা হিসেবে সিরাজগঞ্জবাসী ট্রেনকে বেছে নেয়। কিন্তু মাত্র চার দিনের ব্যবধানে তিনবার আন্তনগর এই ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় তাঁরা আতঙ্কিত। দীর্ঘদিন এই রেলপথ সংস্কার না করার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে তাঁদের ধারণা।
এ ব্যাপারে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হক বলেন, এ রেলপথটি দীর্ঘদিন মেরামত করা হয়নি। কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলেও তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। নিরাপদ ট্রেন যাত্রার দাবিতে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন তিনি।