সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফতেপুর ও চাকদাহ গ্রামে সংখ্যালঘুসহ অন্যদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার রাতে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে ২৩ জনকে গ্রেপ্তার করা হলো। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর জানান, সোমবার রাতে চাকদাহ গ্রামের বাহাতুল্যাহ কারিগর (৪৪), রিয়াজুল কারিগর (৩৮), রতনপুর গ্রামের আজিজুল মোল্যা (২০) ও আড়ংগাছা গ্রামের আবদুল খালেক গাজীকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।বাম নেতাদের পরিদর্শন: সোমবার কালীগঞ্জে ঘটনাস্থল পরিদর্শনে যান বিভিন্ন বাম দলের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধিদল। এ দলে ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, দলের পলিটব্যুরোর সদস্য ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর আলী খান রনো, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, গ্রুপ ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশীদ ও সাম্যবাদী দলের প্রদ্যুৎ কুমার ফণী। ঘটনাস্থল ঘুরে এসে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাম নেতারা। এ সময় তাঁরা অভিযোগ করেন, মৌলবাদীদের ইন্ধনে দুই গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে লুটতরাজ ও অগ্নিসংযোগ করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে জামায়াতে ইসলামী ও তাদের দোসরেরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।