খুলনায় শিশু রাকিব (১২) হত্যা মামলায় গতকাল বুধবার টানা চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এদিন খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানার কাছে ১১ জন সাক্ষ্য দেন। এ নিয়ে চার দিনে মামলায় মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ৩২ জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার আরও তিনজনের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এঁদের মধ্যে ছিলেন আলামত জব্দের সাক্ষী জহিরুল ইসলাম, আসাদুজ্জামান জামাল, রাকিবের কাছে রং বিক্রেতা মুক্তা এন্টারপ্রাইজের কর্মচারী রবিউল ইসলাম হাওলাদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, উপপরিদর্শক (এসআই) তাপস পাল, সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মামুন, পুলিশ সদস্য নুরুল ইসলাম ও খসরুল আলম, খুলনা সদর হাসপাতালের স্টাফ মোশারেফ হোসেন, জাফর খলিফা ও গুড হেলথ ক্লিনিকের স্টাফ তাহমিনা আক্তার।
মামলার বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, সাক্ষ্যগ্রহণকালে তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। গত ৩ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের একটি মোটরসাইকেলের গ্যারেজে নির্যাতন করে রাকিবকে হত্যা করা হয়।