পবিত্র ঈদুল ফিতরের ১০-১২ দিন আগেই দক্ষিণাঞ্চলের লঞ্চ ও স্টিমারের অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে। পরিচিত, প্রভাবশালী বা বেশি টাকা না দিলে টিকিট মেলে না। তার ওপর সারা বছর কম ভাড়ায় যাত্রী পরিবহন করা হলেও ঈদ সামনে রেখে সরকার-নির্ধারিত ভাড়ার অজুহাত দেখিয়ে বাড়ানো হয়েছে লঞ্চ-স্টিমারের ভাড়া। তাই বরিশাল অঞ্চলের মানুষকে এসব দুর্ভোগ সহ্য করে স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে হবে।
বরিশালের বিলাসবহুল লঞ্চ সুন্দরবনের টিকিট ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, ঈদ উপলক্ষে ২৬ জুলাই থেকে ঢাকায় বরিশালের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। চার দিনের মধ্যে সব টিকিট শেষ।
ঈদ উপলক্ষে ৭ আগস্ট ঢাকা থেকে পরিবার নিয়ে বরিশালে আসার পরিকল্পনা করছেন হাবিবুর রহমান। কয়েক দিন ধরে বিভিন্ন লঞ্চের কাউন্টারে ছোটাছুটি করেও কোনো অগ্রিম টিকিট পাননি। তিনি মুঠোফোনে জানান, এখন তাঁকে বাধ্য হয়ে সড়কপথে ঝুঁকি নিয়েই যেতে হবে। তাঁর মতো অনেক যাত্রী অনেক চেষ্টা করেও অগ্রিম টিকিট পায়নি।তবে লঞ্চ কর্তৃপক্ষ দাবি করছে, অগ্রিম টিকিটের জন্য আগে স্লিপ দেওয়া হয়েছে। যাঁরা স্লিপ জমা দেননি, তাঁরা টিকিট পাননি।
ঢাকায় বসবাসরত বরিশাল অঞ্চলের বেশ কয়েকজন যাত্রী মুঠোফোনে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, পরিচিত মুখ, সরকারি কর্মকর্তা ও সাংসদ ছাড়া অগ্রিম টিকিট পান না। যাঁরা পেয়েছেন, তাঁদেরও অতিরিক্ত অর্থ দিতে হয়েছে। সারা বছর কম ভাড়ায় যাত্রী পরিবহন করলেও ঈদের সময় লঞ্চমালিকেরা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
বরিশালে লঞ্চযাত্রী কাজী এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ঈদে লঞ্চে ঢাকা-বরিশাল রুটে একটি টিকিট পাওয়া ভাগ্যের বিষয়। সাধারণ যাত্রীরা নয়, অগ্রিম টিকিট পান বিশেষ ব্যক্তিরা। অন্য যেকোনো সময়ের চেয়ে ১০ গুণ বেশি যাত্রী হওয়ার পরও ঈদের সময় ছাড় না দিয়ে মালিকেরা ভাড়া বাড়াচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-বরিশাল নৌরুটে বছরের অন্যান্য সময় লঞ্চে ভাড়া নেওয়া হয় তৃতীয় শ্রেণী ২০০ টাকা, একজনের কেবিন (শোয়ার ব্যবস্থা) ৮৫০, দুজনের কেবিন এক হাজার ৬০০ টাকা। ঈদ উপলক্ষে প্রথম শ্রেণীর একজনের কেবিনের ভাড়া নির্ধারণ করা হয় এক হাজার এবং শীতাতপ নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত ১০০ টাকা। দুজনের কেবিন দুই হাজার টাকা। শীতাতপ নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত ২০০ টাকা। সোফা ৮০০ টাকা এবং তৃতীয় শ্রেণীর যাত্রীদের ভাড়া ২৫০ টাকা।লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমানও স্বীকার করেন, ঈদের অগ্রিম টিকিট সাধারণ নাগরিকেরা পায় না। সারা বছর কম ভাড়ায় যাত্রী পরিবহন করা হয়—সেটাও ঠিক। কিন্তু ঈদে লঞ্চে খরচ বেশি হয়। তাই ঈদে বিআইডব্লিউটিএর নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করা হয়।