চার দিনেই গরুর মাংসের দাম কেজিতে বাড়ল ৫০ টাকা
রংপুরের বদরগঞ্জ উপজেলায় চার দিনের ব্যবধানে গরুর মাংসের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। বাজার তদারকির অভাবে কসাইরা সিন্ডিকেট করে গরুর মাংসের দাম বৃদ্ধি করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পৌর বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৩৯০ টাকা দরে। গত শুক্রবার ওই মাংস বিক্রি হয়েছে ৩৩০ থেকে ৩৪০ টাকায়। দুপুরে বাজারে মাংস কিনতে আসেন আমরুলবাড়ি গ্রামের কৃষক রফিকুল ইসলাম (৪০)। তাঁর কাছে কসাই এক কেজি মাংসের দাম চান ৩৯০ টাকা। এতে তিনি ওই কসাইয়ের ওপর ক্ষুব্ধ হন। এ সময় রফিকুলকে কসাই রাজু আহম্মেদ বলেন, ‘আজ এ দামে বিক্রি করছি, দুদিন পর এ দামেও পাবেন না। রাগ করে কোনো লাভ নেই। খেতে হলে এ দামে কিনতে হবে।’
রকিফুল ইসলাম বলেন, ‘বাজারে ধানের দাম না থাকায় দীর্ঘদিন ধরে গরুর মাংস কিনে খেতে পারিনি। আজ বাড়িতে আত্মীয় আসায় এক মণ ধান বিক্রি করে মাংস কিনতে এসেছি। এক মণ (২৮ কেজি) ধান বাজারে বিক্রি করেছি ৩৪০ টাকায়। খাজনা আর ভ্যানভাড়া দিয়েছি ৩০ টাকা। হাতে আছে ৩১০ টাকা। এক কেজি গরুর মাংসের দাম চাচ্ছেন ৩৯০ টাকা। এক মণ ধান বেচে এক কেজি গরুর মাংসও হচ্ছে না।’
রাধানগর লালদিঘী গ্রামের কৃষক আবদুল হাকিম বলেন, ‘বাজারোত গরু বিক্রি করতে গেলে ন্যায্য দাম পাই না। আর কসাইরা সিন্ডিকেট করে বেশি দামে মাংস বিক্রি করছেন। এই দেশে কৃষকের বারো অবস্থা। আমরা বাঁচব কেমন করে?’
বদরগঞ্জ বাজারের কসাই রুহুল আমিন বলেন, ‘চার দিন আগে কেজিপ্রতি মাংস বিক্রি করেছি ৩৪০ টাকায়। গরুর দাম বেড়ে যাওয়ায় মাংসের দাম বাড়িয়েছি। তবু বিক্রি কমেনি।’
তবে বদরগঞ্জ হাট-বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গরুর মাংসের দাম বাড়ানো হলেও ছাগল ও মুরগির মাংসের দাম বাড়েনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবেদা কাজী গুলশান বলেন, ‘আমি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছি। এখানে বাজার মনিটরিং করার কেউ না থাকায় কসাইরা সুযোগ নিচ্ছেন। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।’