চার দিনেই পণ্য রপ্তানিতে বড় ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক দুপুর সাড়ে ১২টায় কর্মসূচি স্থগিত করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় কনটেইনারবাহী গাড়ির মালিক-শ্রমিকদের সংগঠন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এর মাত্র তিন ঘণ্টা আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় সিঙ্গাপুরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় একটি জাহাজ। রপ্তানি পণ্যভর্তি ৮০০ কনটেইনার তোলার কথা ছিল জাহাজটিতে। কিন্তু মাত্র ৪৫ কনটেইনার রপ্তানি পণ্য নিয়ে যেতে পেরেছে জাহাজটি।

গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (১০০ ঘণ্টা ৩০ মিনিট) কনটেইনারবাহী গাড়ি না চলায় মোট ৪ হাজার ৫৭৫ কনটেইনার পণ্য নির্ধারিত সময়ে রপ্তানি করা যায়নি। এসব কনটেইনারের সিংহভাগ পণ্যই ছিল তৈরি পোশাকশিল্পের। মোট ১৩টি জাহাজে এসব কনটেইনার সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বিভিন্ন বন্দরে পাঠানোর কথা ছিল। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে না পরায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন রপ্তানিকারকেরা।

>৪ অক্টোবর পর্যন্ত কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিল চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ

কর্মবিরতি স্থগিত হলেও কনটেইনারে পণ্য পরিবহনের চাপ সামলাতে অন্তত ২০ দিন সময় লাগবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, ঈদের ছুটির সময় পণ্য পরিবহনের চাপ স্বাভাবিক হতে ১০-১২ দিন লেগেছিল। এখন কর্মবিরতির কারণে কনটেইনার জট বেড়েছে। জাহাজের অপেক্ষমাণ সময়ও বেড়েছে। এই চাপ স্বাভাবিক হতে অন্তত ২০ দিন লেগে যেতে পারে।
গত ১৬ আগস্ট সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপনে গাড়িভেদে পণ্য পরিবহনের পরিসীমা বেঁধে দেয়। এই প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করেন। সংগঠনের আওতাধীন আট হাজার গাড়িতে আমদানি-রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার আনা-নেওয়া বন্ধ হয়ে যায়। এসব গাড়ি ছাড়া কনটেইনার পরিবহন করা যায় না। সড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৪ চাকার প্রাইম মুভার ট্রেইলার সর্বোচ্চ ৩৩ টন (গাড়ি ও কনটেইনারের ওজনসহ) পরিবহন করতে পারবে। এর বেশি হলে স্তরভেদে ২ থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত জরিমানা নির্ধারণ করা হয়।
এ পরিস্থিতিতে গতকাল সকালে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার তাঁর বাসভবনে মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সমস্যা চিহ্নিত হয়েছে। ৪ অক্টোবর অনুষ্ঠেয় আন্তমন্ত্রণালয় বৈঠকে এসব সমস্যার সমাধান হবে।
বৈঠক থেকে বেরিয়ে ঐক্য পরিষদের সদস্যসচিব আবু বকর সিদ্দিক বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী ১৪ চাকার প্রাইম মুভার ট্রেইলার ৩৩ টন (গাড়ি ও কনটেইনার ওজন) পণ্য পরিবহনের সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এখন তা বাড়িয়ে ৪২ টন পর্যন্ত করা হয়েছে। এর বেশি হলে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। তবে এই জরিমানা আমদানিকারকেরা শোধ করবেন। এই সিদ্ধান্ত হওয়ার পর ৪ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিনের সঙ্গে দুই দফা বৈঠক করেন মালিক-শ্রমিক নেতারা। দুপুরে নগরের সার্কিট হাউসে এবং রাতে জেলা প্রশাসকের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কোনো সুরাহা হয়নি।
কর্মবিরতির কারণে পণ্য রপ্তানিতে যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দাবি করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে গতকাল বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করে এই ক্ষতিপূরণ দাবি করা হয়। তবে আর্থিক ক্ষতির নির্দিষ্ট কোনো অঙ্ক বলেননি সংগঠনের নেতারা। সংগঠনটি বলছে, বন্দর সুবিধার ৮০ শতাংশই ব্যবহার করে পোশাকশিল্প খাত। অথচ সেই খাতের কারও সঙ্গে কোনো আলোচনা না করেই কর্মবিরতি শুরু করা হয়েছে।
কার কাছে এ ক্ষতিপূরণের দাবি—জানতে চাইলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, যারা এ পরিস্থিতির জন্য দায়ী, তাদেরই ক্ষতিপূরণ দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকায় (গতকাল বিকেলে ফিরেছেন) এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও মনে করে বিজিএমইএ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, গত চার দিনে পণ্য খালাস করতে না পারায় কনটেইনারভাড়া বাবদ বন্দর ও জাহাজ কোম্পানিকে জরিমানা দিতে বাধ্য হয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। কয়েক হাজার কোটি টাকার শিপমেন্ট (জাহাজীকরণ) বাতিল হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হোসেন। ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আনাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি রুস্তম আলী প্রমুখ।
গতকাল সকালে বন্দর ছেড়ে যাওয়া এমভি সায়গন ব্রিজ জাহাজের স্থানীয় প্রতিনিধি কে লাইন বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক সাহেদ সরোয়ার প্রথম আলোকে বলেন, জাহাজ এক দিন বাড়তি সময় অবস্থান করলে বন্দরের মাশুল, পরিচালনা ব্যয়সহ প্রায় ১০ হাজার মার্কিন ডলার অতিরিক্ত ব্যয় হয়। আবার পণ্যভর্তি কনটেইনার ছাড়াই জাহাজটি বন্দর ত্যাগ করায় আর্থিক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে তাদের ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
পণ্যসহ কনটেইনার খালাস না হওয়ায় আমদানিকারকদেরও প্রতিদিন বন্দর কর্তৃপক্ষ ও কনটেইনার মালিকপক্ষকে ভাড়া দিতে হবে। কোনো কনটেইনার নির্ধারিত সময়ের বেশি বন্দরে রাখা হলে প্রতিদিনের জন্য বন্দর কর্তৃপক্ষকে ভাড়া দিতে হয় ৬ ডলার।
কনটেইনার জাহাজ পরিচালনাকারী সি কনসোর্টিয়াম লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন আহমেদ সাহেদ চৌধুরী বলেন, যেসব কনটেইনার রপ্তানি করা যায়নি, সেগুলো এখন ক্রেতাদের কাছে পৌঁছাতে ১০-১৪ দিন বাড়তি সময় লেগে যেতে পারে।