চার দিনেও আসামি গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামিকে পুলিশ গতকাল সোমবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।
পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে ওই ছাত্রী নিজেই বাদী হয়ে গত রোববার রাতে চতরা ইউনিয়নের যাদবপুর গ্রামের একরামুল হককে (২২) অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলার একমাত্র আসামিকে ধরতে রাতেই অভিযান চালানো হয়। কিন্তু তাঁকে গ্রেপ্তার করা যায়নি। তবে মেয়েটি পরীক্ষা দিচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মেয়েটিে বাসায় একা পড়াশোনা করছিল। এ সময় তার রিকশাভ্যানচালক বাবা বাজার করতে স্থানীয় কাঞ্চনবাজারে যান। ছোট ভাই হারিকেনের চিমনি কিনতে বাজারে যায়। মা জরুরি কাজে ওই দিন সকালে পাশের বড় আলমপুর ইউনিয়নে বাবার বাড়ি (মেয়ের নানা বাড়ি) যান। এ সুযোগে যাদবপুর গ্রামের একরামুল হক আকস্মিকভাবে ঘরে ঢুকে মেয়েটির মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে একরামুল পালিয়ে যান। এর মধ্যে ছোট ভাই ফিরে এসে দেখতে পায় বাড়িতে অনেক লোক।
ঘটনা জানাজানি হলে রাত আটটার দিকে বাজার থেকে বাবা ফিরে আসেন। মেয়ের কাছে ঘটনার বিস্তারিত শুনে তিনি এলাকাবাসীর কাছে এর প্রতিকার চান। মানুষের নানা কথায় লজ্জায় ওই রাতেই মেয়ের বাবা আত্মহত্যার চেষ্টা করেন। ভাইবোনের সহযোগিতায় প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্ষা করেন।
মেয়ের বাবা বলেন, ‘হামরা হইনো গরিব মানুষ। এ ঘটনার পর নানাজনে নানা কথা কইতোছে। এইটা থাকি হামারগুলার বাঁচার উপায় কী। মুখ না দেখানোর জন্যে জীবন বাঁচি থুইয়া আর লাভ কী হইবে।’
এ ঘটনা পুলিশকে জানানোর পর শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এবং একই সঙ্গে মেয়েটির পরীক্ষা দিতে যেন কোনো অসুবিধা না হয়, সেদিকেও নজরে রাখার আশ্বাস দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলার শাখার সভাপতি ও চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মেয়েটির মনোবল যাতে ভেঙে না পড়ে এবং সময়মতো যেন জেএসসি পরীক্ষার্থী দিতে পারে, তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
এদিকে রংপুর জেলা মহিলা পরিষদের নেতারা গতকাল দুপুরের দিকে মেয়ে ও তার পরিবারকে আইনি সহযোগিতাসহ সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
এ ব্যাপারে মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি মারহামাতুন্নেছা বলেন, ‘গ্রামের একটি পক্ষ অভিযুক্ত ছেলের পক্ষ হয়ে মেয়ের পরিবারের সঙ্গে আপসরফার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। আমরা মেয়েসহ ওই পরিবারকে আইনি সহায়তাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মেয়ের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গেও কথা বলেছি।’