চার দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী আমেনার আত্মহননের চার দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের ভাষ্য, আসামিরা পলাতক। তবে বাদীর অভিযোগ, মামলার প্রধান আসামি সাইদুর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। অথচ পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না। আমেনার মা জ্যোৎস্না বেগম বলেন, সাইদুর সব সময় তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। বাধা দিলে মেরে ফেলার হুমকি দিতেন। এতে ক্ষোভে, লজ্জায় তাঁর মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তিনি সাইদুর ও তাঁর সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।মামলার বাদী আমেনার চাচা রবিউল্লাহর অভিযোগ, মামলার পর থেকে প্রতিনিয়ত তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। মামলা তুলে না নিলে চরম মূল্য দিতে হবে বলে শাসানো হচ্ছে।মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আজম বলেন, সাইদুর ও তাঁর দুই সহযোগী পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না।