জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহ আলম শাহীন (২৮) খুন হওয়ার চার দিন পরও পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। এদিকে আসামি গ্রেপ্তারের প্রস্তুতি সম্পন্ন করার পরপরই মামলার তদন্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্ত্রী জান্নাতুল ফেরদৌস জুঁইয়ের পরকীয়ার জের ধরেই গত শুক্রবার শিক্ষক শাহ আলম সাভারে ভাড়া বাসায় জান্নাতুল ও তাঁর বাবা, ভাইয়ের হাতে খুন হন বলে অভিযোগ ওঠে।সাভার থানার পুলিশ জানায়, ঘটনার পর শাহ আলমের স্ত্রী জান্নাতুল, শ্বশুর নুরুল ইসলাম এবং শ্যালক সোহাগ সিরাজগঞ্জ সদর থানার পেছনে তাঁদের নিজ বাড়িতে চলে যান। শুক্রবার রাতে মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেপ্তারের জন্য সিরাজগঞ্জ সদর থানায় বার্তা পাঠানো হয়। কিন্তু রহস্যজনক কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়নি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ঘটনার পরের দিন শনিবার দুপুর সোয়া দুইটা পর্যন্ত মামলার এক নম্বর আসামি জান্নাতুল সিরাজগঞ্জে তাঁর বাবার বাড়িতেই ছিলেন। এ সময়ের মধ্যে পুলিশ তাঁকে গ্রেপ্তারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এখন জান্নাতুল, তাঁর বাবা নূরুল ও ভাই সোহাগ পলাতক। সূত্রমতে, জান্নাতুলের বাবা নূরুল সিরাজগঞ্জ জেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি। তিনি যথেষ্ট প্রভাবশালী। এ কারণে পুলিশের বড় কর্তারা তাঁকে গ্রেপ্তারে আন্তরিক নন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মো. মোবারক হোসেন অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর আসামিদের গ্রেপ্তারে সচেষ্ট ছিলেন। সোমবার তিনি নূরুলের অবস্থান নিশ্চিত হয়ে নূরুলকে গ্রেপ্তারের সব প্রস্তুতি সম্পন্ন করেন। এর পরই তাঁকে (তদন্ত কর্মকর্তা) প্রত্যাহার করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তের কারণে নূরুলসহ আসামিদের গ্রেপ্তারের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই হুমায়ুন কবীর বলেন, ‘বারবার বার্তা প্রেরণ ও মুঠোফোনে তাগিদ দেওয়ার পরও সিরাজগঞ্জ থানার পুলিশ শাহ আলমের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করেনি। এ অবস্থায় সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী নূরুলের অবস্থান নিশ্চিত হয়ে আমি সোমবার দুপুরে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশে একটি মাইক্রোবাস ভাড়া করি। এর পর অনুমতির জন্য সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে অনুমতি দেন। পরে ঢাকার পুলিশ সুপারের সঙ্গে আলাপ করার কথা বলে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এই সময়ের মধ্যেই আমাকে সাভার থানা থেকে প্রত্যাহারের আদেশ আসে।’সিরাজগঞ্জ সদর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক মো. আবদুল মালেক বলেন, তাঁরা সাভার পুলিশের বার্তা পেয়েছেন। আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করতে পারছেন না। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান এসআই হুমায়ুন কবীরকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ আলম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের সুযোগ না দিয়ে কেন তদন্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো—জানতে চাইলে তিনি বলেন, এটা পুলিশ সুপারের বিষয়। ঢাকার পুলিশ সুপার ইকবাল বাহার প্রথম আলোকে বলেন, হুমায়ুন কবীরকে প্রত্যাহারের সঙ্গে শাহ আলমের হত্যা মামলার কোনো সম্পর্ক নেই।