‘বাইয়্যাগো আমি নাই, দ্যাহেন সব শ্যাষ, সব ভাইস্যা গেছে, বাজারে আমার দ্যার লাক টিহা দেনা, হেই দেনা আমি ক্যামনে শোধ দিমু, আমার মরণ ছাড়া কোনো উপায় নাই’—গতকাল সোমবার কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর করিমুদ্দিনের তরমুজচাষি মানসুর হেলাল (৫৬)। গত শুক্রবার রাতে অস্বাভাবিক জোয়ারে তাঁদের চরে লোনা পানি ওঠে। গত চার দিনেও পানি নামেনি। এতে তাঁর কমপক্ষে দুই লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে।গতকাল সোমবার ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে, এখনো সয়াবিন, তরমুজ, বাংগি, মরিচ, তিল ও সবজিখেতে পানি। তরমুজ, বাংগি ও মরিচ খেতে ফলন এসেছিল। কালেঙ্গার বিলের তরমুজচাষি আনোয়ার হোসেন জানান, তাঁর এক একর ৬০ শতাংশের তরমুজখেত ডুবে আছে। ওই বিলে আরও ২০০ একর জমির তরমুজ, মরিচসহ অন্যান্য ফসল ডুবে আছে। পচে যাওয়ার ভয়ে নির্দিষ্ট সময়ের আগেই তরমুজ ছিঁড়ে ফেলছেন। পাতা ভেদুরিয়া গ্রামের এরশাদ আলীর ৮০ শতাংশ, জসিমের ৮০ শতাংশ, নজরুল ইসলামের ৮০ শতাংশ, বশিরের ৪০ শতাংশসহ ৫০০ একর জমির তরমুজ, মরিচ চার দিন ধরে ডুবে আছে। ভুক্তভোগী কৃষকেরা বলেন, তেঁতুলিয়ার তীরে বাঁধ দিলে প্রতিবছর শত শত কৃষক দেউলিয়া হতো না।ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, পূর্ণিমার প্রভাবে ভোলায় অস্বাভাবিক জোয়ারে লবণপানি উঠে প্রায় এক হাজার ৩০০ একর জমি প্লাবিত হয়েছে। এর মধ্যে ৭০০ একরের তরমুজ, মরিচ, সবজিখেত, মুগ ও মিষ্টি আলুর ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড, ভোলার নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, এবারের জোয়ারের উচ্চতা বিপৎসীমা অতিক্রম করেছে। এ ধরনের জোয়ার দুই বছর ধরে দেখা যাচ্ছে। তেঁতুলিয়ার তীরে বাঁধ দেওয়ার একটি প্রকল্প পরিকল্পনা নকশা ঢাকায় অনেক আগেই পাঠানো হয়েছে। কিন্তু তা এখনো পাস হয়নি।