চার দিনেও গ্রেপ্তার হয়নি আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে চাচাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে তরুণকে হত্যা ও তাঁর বাবাকে কুপিয়ে জখম করার ঘটনার চার দিনেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় নিহত শাহীন মোল্লার (১৮) বাবা শওকত আকবর মোল্লা ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। নিহতের ব্যক্তির ভাই তুহিন মোল্লা গত সোমবার গোপালগঞ্জ সদর থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় চাচা লায়েক মোল্লা, চাচি শেফালি বেগম, তিন চাচাতো ভাই রবিউল, শরিফুল ও আরিফুল এবং অজ্ঞাতনামা আরও আট-১০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে লায়েক মোল্লা ও তাঁর পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। তাঁদের বাড়িতে বর্তমানে তালা ঝুলছে।
তুহিন মোল্লা বলেন, গত চার দিনেও এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তাঁর বাবার অবস্থা ভালোর দিকে হলেও তাঁর দুটি পা কেটে ফেলতে হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
ঈদের দিন গত শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নে শাহীন মোল্লার দুই চোখ উপড়ে এবং দুই হাতের কবজি কেটে হত্যা করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাচাতো বোনের সঙ্গে শাহীন মোল্লার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেনে নিতে পারেনি মেয়ের বাবা লায়েক মোল্লা। এরই জের ধরে এ ঘটনা ঘটে।