এবিসি রেডিওর একজন নারী সাংবাদিককে মারধরের ঘটনায় চার দিন পেরিয়ে গেলেও পুলিশ ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। কলাবাগান থানার পুলিশ বলছে, আসামিরা পলাতক। তাই তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে পান্থপথের স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, আসামিরা এলাকাতেই আছেন। সখ্য থাকায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। এলাকাবাসীর অভিযোগ, এর আগে আরও কয়েকজন নারীকে একইভাবে উত্ত্যক্ত ও লাঞ্ছিত করেন আসামিরা। এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, নারী সাংবাদিককে মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি সাইফুর রহমান সাপ্পু ও শাহাদত হোসেন সেকু দুই ভাই। ঘটনার পর থেকে তাঁরা দুজনই পলাতক। বুধবার রাতের মধ্যেই তাঁদের গ্রেপ্তার করা হবে।গত রোববার বিকেলে বাসায় যাওয়ার সময় পান্থপথের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে মারধরের শিকার হন এবিসি রেডিওর একজন নারী সাংবাদিক। তিনি অভিযোগ করেন, পান্থপথের মোহাম্মদী এন্টারপ্রাইজের মালিক সাইফুর রহমান ওরফে সাপ্পু তাঁর গায়ে মোটরসাইকেল তুলে দেন। এর প্রতিবাদ করলে সাপ্পু ও তাঁর ছোট ভাই সেকুসহ আরও কয়েকজন তাঁকে রাস্তায় ফেলে মারধর করেন। পরে তিনি কলাবাগান থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আপসের কথা বলে। পরে লিখিত এজাহারটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে। অবশ্য গত মঙ্গলবার আদালতের অনুমোদন সাপেক্ষে পুলিশ ওই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থলে গেলে পান্থপথের কয়েকজন দোকানি সেকুর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন। তাঁরা দাবি করেন, এর আগেও বেশ কয়েকজন নারী লাঞ্ছিত হয়েছেন। কিন্তু সাংবাদিক না হওয়ায় তাঁরা প্রতিবাদ করতে পারেননি। স্থানীয় ব্যক্তি ও দোকানিরা অভিযোগ করেন, সেকু উগ্র, উচ্ছৃঙ্খল, বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। এ ছাড়া ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ব্যবসার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। পুলিশ ও র্যাবের স্থানীয় এক সোসের্র সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে সেকু এ ধরনের অপরাধ কার্যক্রম চালিয়ে আসছেন। ভাইয়ের প্রভাবে সম্প্রতি বিদেশ থেকে ফিরে সাপ্পুও এলাকায় দাপট দেখিয়ে বেড়ান। পান্থপথের একজন দোকানি জানান, সেকু প্রতিদিন প্রকাশ্যে অন্যদের নিয়ে ফুটপাতে বসে গাঁজা সেবন করেন আর পথচারী বিভিন্ন নারীকে উত্ত্যক্ত করেন। ওই নারী সাংবাদিকের মতো আগে আরও ১০-১২ জন নারীকে এভাবেই সেকু লাঞ্ছিত করেছিলেন। স্থানীয় একজন জানান, সেকুর মালিকানাধীন মোহাম্মদী এন্টারপ্রাইজের পেছনে প্রতিদিন রাতে মাদকের আসর বসে। ওই দোকান তল্লাশি করলে ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য পাওয়া যাবে। এবিসি রেডিওর নারী সাংবাদিকের ওপর হামলার এ ঘটনায় গতকাল পৃথক বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ মহিলা সাংবাদিক ফোরাম। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে এ দুটি সংগঠন। তারা এ ঘটনায় পুলিশের ভূমিকা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠিও দিয়েছে।