চার দিনেও ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুর রহমানকে মারধরের চার দিন পরও পুলিশ পুরোনো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা মাসুদ রানা ও অজ্ঞাত ১৫-২০ নেতা-কর্মীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা হয়। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, মামলা দায়েরের পরদিন গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাসুদ রানাকে দিনভর ঘোরাফেরা করতে দেখা গেছে। ওই দিন তাঁর বিরুদ্ধে প্রকাশিত খবরের বিষয়ে একটি দৈনিকের সাংবাদিককেও মাসুদ রানা হুমকি দেন। কিন্তু তাঁকে গ্রেপ্তার করার জন্য সূত্রাপুর থানার কোনো পুলিশকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায়নি। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নেয়ামুল সাফি খান প্রথম আলোকে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে ছাত্রলীগের নেতা মাসুদ রানাকে পাওয়া যায়নি। পুলিশ জানে না, তিনি কোথায়। মঙ্গলবার বেলা দেড়টার দিকে বাহাদুর শাহ পার্ক এলাকায় ছাত্রলীগের নেতা মাসুদ রানার মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে এএসআই সাইফুরকে গালাগাল দেন। পরে মাসুদের সহযোগীরা ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন।