ঘটনার চার দিনেও রামুর স্কুলশিক্ষক মো. নুরুচ্ছাফার মূল হত্যাকারীরা ধরা পড়েনি। পুলিশ বলছে, অপরাধীরা এলাকায় নেই। নিহতের পরিবারের দাবি, সন্ত্রাসীরা মামলা তুলে নিতে তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এদিকে শিক্ষক হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মাঠে নেমেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
৫ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের মোহাম্মদ শরীফপাড়ার আবদুল মাবুদের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাঁর ছেলে মো. নুরুচ্ছাফাকে (৩০) গুলি করে হত্যা করে। তিনি ঈদগড় বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন নিহতের শিক্ষকের ছোট ভাই মো. নুরুন্নবী (২৭)।
৭ জানুয়ারি হত্যাকাণ্ডের ঘটনায় আবদুল মাবুদ বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা করেন। এতে ১৬ জনকে আসামি করা হয়েছে।
আবদুল মাবুদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এবং তাঁর আরেক ছেলে আবদুল মজিদকে অপহরণের ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন নুরুচ্ছাফা। এ কারণে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। কিন্তু ঘটনার চার দিনেও পুলিশ হোতাদের ধরতে পারেনি। এখন আসামিরা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. কায় কিসলু জানান, এজাহারভুক্ত আসামিরা পাহাড়-জঙ্গলে আত্মগোপন করায় ধরা যাচ্ছে না। ইতিমধ্যে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যদেরও ধরার চেষ্টা চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে শিক্ষকদের স্মারকলিপি : মো. নুরুচ্ছাফার হত্যাকারীদের গ্রেপ্তার, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে ৭ জানুয়ারি বিকেলে রামুতে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
বক্তব্য দেন শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী, রমজান আলী, আজগর হোছাইন, সুরজিত বড়ুয়া, তাজ উদ্দিন, লুৎফুন নাহার, মহুয়া আকতার, রোজিনা আকতার, পূর্ণিমা রানী শর্মা, মালতী বড়ুয়া প্রমুখ।
এর আগে শোক র্যা লি করে শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, হত্যাকাণ্ডের পর মামলার আসামিরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। এ কারণে নিহত শিক্ষকের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার জরুরি।