পুরান ঢাকার আবুল হাসনাত রোডের বাসিন্দা মর্জিনা বেগম। ১০ দিন আগে তাঁর স্বামী আলী হোসেন চোখের সমস্যা নিয়ে ভর্তি হন মিটফোর্ড হাসপাতালে। গত সোমবার চোখে অস্ত্রোপচার হওয়ার কথা থাকলেও তা হয়নি। তাই স্বামীকে নিয়ে গতকাল তিনি হাসপাতাল ত্যাগ করেন।
চার দিন ধরে ধর্মঘটের কারণে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাসেবা স্থবির হয়ে পড়ায় আলী হোসেনের মতো অনেক রোগীই হাসপাতাল ছাড়ছেন। রাজধানী ও আশপাশের রোগীরা হাসপাতাল ছাড়লেও হরতাল ও অবরোধে দেশের বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা আটকা পড়েছে। অসহায় রোগীরা হাসপাতাল থেকে ওষুধ ও খাবার না পেয়ে আরও অসুস্থ হয়ে পড়ছে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সিফায়েত উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ধর্মঘটরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। কিন্তু উদ্ভূত পরিস্থিতির নিরসন হয়নি।
জানতে চাইলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার ধর প্রথম আলোকে বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আশা করছি, শুক্রবার (আজ) থেকে চিকিৎসক ও কর্মচারীরা কাজে যোগ দেবেন এবং হাসপাতাল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগে এক রোগীর রক্ত পরীক্ষা নিয়ে গত সোমবার গভীর রাতে শিক্ষানবিশ চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিরোধ হয়। ওই রাতে ও মঙ্গলবার এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, মারধরের ঘটনায় মঙ্গলবারও চিকিৎসাসেবা প্রায় বন্ধ ছিল। ওই ঘটনায় দায়ী কর্মচারীদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। ক্লাস বর্জনের ডাক দেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে গত বুধবার বিকেলে কলেজের ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষের নির্দেশের পর গতকাল অধিকাংশ শিক্ষার্থীকে হলে দেখা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, গতকালও হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা কাজে যোগ দেননি। রোগীদের চিকিৎসাসেবা চালু রাখতে জরুরি স্কোয়াড চালু রাখা হয়নি। এ কারণে চার দিন ধরে হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। খাবার রান্না করার ঘরসহ সব ধরনের অস্ত্রোপচারের ঘরে তালা ঝুলতে দেখা গেছে। প্রতিদিনের মতো গতকালও অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছে। হাসপাতালে পূতিগন্ধ ছড়িয়ে পড়ছে।
জরুরি বিভাগের সেবক সাইদুর রহমান জানান, জরুরি বিভাগে কিছু চিকিৎসক ও সেবিকা রয়েছেন। কিন্তু টিকিট কাউন্টার বন্ধ থাকায় জরুরি চিকিৎসা দেওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, চিকিৎসার জন্য জরুরি স্কোয়াড চালু রাখা হয়নি।
লেদ মেশিনে কাটা আঙুলের চিকিৎসা করতে গতকাল সকালে হাসপাতালের জরুরি বিভাগে এসেছিলেন আবদুল হাই (৫২)। তিনি বলেন, ‘জরুরি বিভাগে এসে দেখি টিকিট কাউন্টারে লোক নেই। এখানে চিকিৎসা বন্ধ রয়েছে। বাধ্য হয়ে হাসপাতালের পাশের ক্লিনিকে যাচ্ছি।’
শরীয়তপুর থেকে লঞ্চে গতকাল সকালে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন ইব্রাহিম (২০)। তিনি জানান, ‘এসে দেখি ডাক্তার নেই। তাই আবার ফিরে যাচ্ছি।’
হাসপাতালের চিকিৎসক আবুল হাসেম জানান, ‘আমরা কাজ করতে চাইছি। কিন্তু কাজের পরিবেশ ও লোকবল না থাকায় কাজ করা যাচ্ছে না।’