চার দিনেও পাইপ ঠিক করতে পারেনি তিতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গ্যাস সরবরাহের মূল পাইপলাইনে ফাটল দেখা দেওয়ার পর চার দিনেও ওই পাইপ মেরামত করতে পারেনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ কারণে গতকাল বুধবারও কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ চালু করা যায়নি।
চার দিন ধরে গ্যাস না থাকায় কেরানীগঞ্জের এক লাখ পরিবার পড়েছে চরম ভোগান্তিতে। লাকড়ি, খড়ি ও কেরোসিন তেলের চুলায় রান্না করতে হচ্ছে গৃহিণীদের। এসব জ্বালানি কিনতে গিয়ে সংসারে বেড়েছে খরচ।
দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় গত রোববার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পাটোয়ারীর মালিকানাধীন একটি বহুতল বাড়ি নির্মাণের পাইলিংয়ের কাজ করার সময় কেরানীগঞ্জে গ্যাস সরবরাহের মূল পাইপে ফাটল ধরে গ্যাস নির্গত হতে থাকে। তাৎক্ষণিক পুরো কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
এর পর থেকে কেরানীগঞ্জের জিনজিরা, মান্দাইল, নজরগঞ্জ, হাসনাবাদ, কালীগঞ্জ, শুভাঢ্যা, আগানগর, গোলামবাজার, কদমতলী, বন্দডাকপাড়া, কালিন্দি, চড়াইলসহ বেশ কয়েকটি এলাকার ২৫ হাজার আবাসিক গ্রাহকের বাসায় গ্যাস নেই। একেকটি বাসায় কমপক্ষে চারটি পরিবার ভাড়া থাকে। সে হিসাবে প্রায় এক লাখ পরিবার রোববার থেকে গ্যাস পাচ্ছে না।
কালীগঞ্জের গৃহবধূ আঞ্জুমান আরা বেগম বলেন, ‘এমনিতেই রোজার দিন, তার ওপর গ্যাস নাই। দুই দিন ইফতারি বানাতে না পেরে শুকনা খাবার কিনে ইফতার করেছি। আর রাতে রুটি ও কলা খেয়ে রোজা রেখেছি। এর পরও গ্যাস না আসায় তেলের চুলা কিনেছি। এখন প্রতিদিন ১৫০ টাকার কেরোসিন তেল কিনতে হচ্ছে, যার পুরোটাই অতিরিক্ত খরচ।’
গ্যাস না থাকায় শুভাঢ্যার বাসিন্দা রিনা আক্তারকে প্রতিদিন ১০০-১২০ টাকার খড়ি কিনতে হচ্ছে। তিনি বলেন, ‘আর পারতাছি না। গ্যাসের সমস্যা জলদি সমাধান করা উচিত।’
তিতাস জোন-৫ জিনজিরা আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘ফাটল ধরা পাইপ সংস্কারের জন্য রোববার থেকেই কাজ শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ বিধায় অতি সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে। আশা রাখছি কাল (আজ বৃহস্পতিবার) বিকেল নাগাদ পাইপের সংস্কারকাজ শেষ হলে গ্যাস সরবরাহ করা যাবে।’
এর আগে গত সোমবার সত্যজিৎ বলেছিলেন, মঙ্গলবার দুপুর নাগাদ সংস্কারকাজ শেষ হলে গ্যাস সরবরাহ করা যাবে।