চার দিনেও মামলা করেনি প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী শহরের এক ব্যবসায়ীর গুদাম থেকে ১ হাজার ৪২ বস্তা সরকারি চাল জব্দ করার চার দিনেও মামলা করেনি উপজেলা প্রশাসন। তবে প্রশাসন বলছে, তদন্ত কমিটি গঠনের জন্য জেলা প্রশাসকের কাছে তারা আবেদন করেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে কৃষ্ণধন সাহা নামের এক ব্যবসায়ীর লোকনাথ ভান্ডারের গুদাম থেকে ‘সরকারি খাদ্য গুদাম’ লেখা চালের বস্তা বাইরে নিয়ে যাওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছিল। খবর পেয়ে তখন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম কিবরিয়া ও মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সেখানে অভিযান চালান। পরে গুদামের ভেতরে রাখা ও ট্রাকে বোঝাই করাসহ মোট ১ হাজার ৪২ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত কোনো মামলা করা হয়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, চাল জব্দের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আজ (শুক্রবার) রাত সাড়ে ১১টা পর্যন্ত মামলা করা হয়নি।

 ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম কিবরিয়া বলেন, ‘গত বৃহস্পতিবার জব্দ তালিকাসহ প্রতিবেদন জেলা প্রশাসনে জমা দিয়ে তদন্ত কমিটি গঠনের জন্য আবেদন করা হয়েছে। চালগুলো যে সরকারি, সেটা আমরা নিশ্চিত।’

তবে ব্যবসায়ী কৃষ্ণধন সাহা ও তাঁর ভাই বিষ্ণু সাহা দাবি করেন, চালগুলো টিআর প্রকল্পের। তাঁরা বিভিন্ন লোকজনের (ঠিকাদার) কাছ থেকে ক্রয় করেছেন।