রাজধানীর মিরপুরের ব্যবসায়ী মমিন বক্সকে ‘ডিবি’ পরিচয়ে অপহরণ ও খুনের ঘটনায় চার দিনেও কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না দেওয়ায় তারা মামলা করেনি। আর পরিবারের সদস্যরা বলছেন, ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। এ নিয়ে কী করবেন তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।
ডিবি পরিচয়ে অপহরণের চার দিন পর গত রোববার সকালে কালশীর সড়ক থেকে মমিন বক্সের (৪০) লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, অপহরণের পরে দুই দিন মোহাম্মদপুর থানায় ঘুরেও এ বিষয়ে কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে পারেননি তাঁরা। নিহত মোমিন নির্মাণসামগ্রীর ব্যবসা করার পাশাপাশি একটি নির্মাণ প্রতিষ্ঠানে চাকরিও করতেন।
মামলা না হওয়ার ব্যাপারে জানতে চাইলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা মামলার নেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু পরিবার কিছুই বলছে না। তারা যেভাবে বলবে, আমরা সেভাবেই মামলা নেব।’ পরিবার মামলা না করলে কেন পুলিশ করছে না, জানতে চাইলে উপকমিশনার বলেন, ‘তারা মামলা করবে কি না তা জানানোর পরই আমরা ব্যবস্থা নেব।’
মমিন বক্সের পারিবারিক বিষয় দেখভাল করছেন তাঁর ভাগনিজামাই মো. মিনাল। গতকাল বুধবার প্রথম আলোকে তিনি বলেন, ‘মামলা কীভাবে করব, তা এখনো ঠিক হয়নি। তা ছাড়া সবার মানসিক অবস্থা ভালো নয়।’
তবে পরিবারের কয়েকজন সদস্য মনে করেন, মমিন বক্সসহ কয়েকজনকে চাঁদার দাবিতে কুপিয়ে আহত করাসহ কয়েকটি অভিযোগে তাঁর ভাগনি লাবণী আক্তার গত ২৮ জুন পল্লবী থানার দুই উপপরিদর্শকসহ (এসআই) ১৮ জনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা করেছিলেন। ওই মামলার কারণেই মমিনকে খুন করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, গত বুধবার সকালে মমিন বক্স নিজের নোয়া মাইক্রোবাসে মোহাম্মদপুরের তাজমহল সড়কে তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করতে যান। সেখান থেকেই সেই গাড়ির চালক মো. সোহেলসহ মমিনকে ডিবি পরিচয় দিয়ে অন্য একটি মাইক্রোবাসে করে ধরে নিয়ে যায় একদল লোক। পরে গাড়িচালক সোহেলকে ছেড়ে দেওয়া হয়। এর চার দিন পরে কালশীর বাউনিয়া বাঁধ সড়কের একটি সেতুর নিচে নালা থেকে মমিনের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ভোররাতে লাশটি কেউ ফেলে রেখে যায়। প্রাথমিকভাবে মনে হয়েছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাঁকে।
মিনাল বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে মমিনকে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। এরপর বৃহস্পতিবার বিকেলে সোহেলকে নিয়ে তিনি (মিনাল), মমিনের স্ত্রী নার্গিস আক্তারসহ কয়েকজন মোহাম্মদপুর থানায় অপহরণের অভিযোগে মামলা করতে যান। কিন্তু পুলিশ নানা অজুহাতে শেষ পর্যন্ত মামলাটিই আর নেয়নি।
মমিন বক্সের লাশ পাওয়া যায় পল্লবী থানা এলাকায়। পল্লবী থানার পুলিশ বলেছে, নিহত মমিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মারামারিসহ ১১টি মামলা আছে পল্লবী থানায়। এ ছাড়া আশপাশের কয়েকটি থানাতেও মামলা রয়েছে।