ঢাকা সেনানিবাসে প্রবেশের অন্যতম পথ কচুক্ষেতে মিলিটারি পুলিশের (এমপি) সদস্য সামিদুল ইসলামকে কুপিয়ে আহত করার ঘটনায় চার দিনেও কাফরুল থানায় মামলা হয়নি। তবে এই হামলায় জড়িত সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা ইসলামী ছাত্রশিবিরের কর্মী সাব্বির হোসেনের রিমান্ডের দ্বিতীয় দিন পার হয়েছে গতকাল শুক্রবার।
সাব্বিরকে গত বুধবার পাঁচ দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সাব্বিরের কাছ থেকে হামলার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কি না, জানতে চাইলে গতকাল পুলিশের মিরপুর বিভাগের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে চাননি।
রাতে যোগাযোগ করা হলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার কাইয়ুমুজ্জামান খান প্রথম আলোকে বলেন, সেনাসদস্যের ওপর হামলার ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে গত রাত পর্যন্ত কেউ মামলা করেননি। তবে সাব্বিরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে ওই হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ডে তাঁর কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি না, তা এখন বলা যাবে না। পরে জানানো হবে।
বৃহস্পতিবার রাতে পুলিশের কাফরুল অঞ্চলের সহকারী কমিশনার জাকির হোসেন প্রথম আলোকে বলেছিলেন, ঢাকা সেনানিবাসের প্রবেশপথে তল্লাশির সময় দুর্বৃত্তের হাতে মঙ্গলবার ল্যান্স করপোরাল সামিদুল আহত হওয়ার পর পুলিশ উত্তর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে শিবিরের কর্মী সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে আগে পুলিশের ওপর বোমা হামলার অভিযোগে কাফরুল ও মিরপুর থানায় চার-পাঁচটি মামলা রয়েছে।
জাকির হোসেন আরও বলেছিলেন, মঙ্গলবার কচুক্ষেতে একটি রিকশা সোজা যাওয়ার চেষ্টা করলে তল্লাশিচৌকিতে দায়িত্বরত সামিদুল রিকশাটিকে থামিয়ে রিকশাচালকের সঙ্গে কথা বলার সময় এক যুবক রাস্তার উল্টো দিক থেকে এসে হঠাৎ তাঁকে আক্রমণ করে বসেন। ধাওয়া করে সন্দেহভাজন হামলাকারী ওই যুবককে উত্তর কাফরুলের একটি বাড়ি থেকে ধরে ফেলেন সামিদুলের সহকর্মীরা। গতকাল পর্যন্ত তাঁকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছে ওই থানার পুলিশ।