চার দিনেও সামিরের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান এলাকা থেকে নিখোঁজ হওয়ার চার দিন পরও সন্ধান মেলেনি মীর সামির মোবাশ্বির নামের এক শিক্ষার্থীর।
গত ২৯ ফেব্রুয়ারি সামিরের বাবা গুলশান থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সম্প্রতি সামির স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল পাস করেছে।
পারিবারিক সূত্র জানায়, ২৯ ফেব্রুয়ারি দুপুরে সামির গুলশান ১ ও ২ নম্বরের মাঝামাঝি অ্যামিনেন্স কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে বাসা থেকে নিজেদের গাড়িতে করে বের হয়। সে কোচিং সেন্টারের কাছে গাড়িচালককে গাড়ি রেখে অপেক্ষা করতে বলে। দীর্ঘক্ষণেও সামির ফিরে না এলে গাড়িচালক তার মা-বাবাকে ফোন করে বিষয়টি জানান। তাঁদের পরামর্শমতো গাড়িচালক অ্যামিনেন্স কোচিং সেন্টারে গেলে জানানো হয়, সামির সেখানে যায়নি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে গুলশান থানায় জিডি করা হয়। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সামিরের বাবা মীর হায়াৎ কবির প্রথম আলোকে বলেন, সামির এ লেভেলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে গুলশান নিকেতনের বাসা থেকে এমিনেন্স কোচিং সেন্টারে গিয়ে কোচিং করত। আত্মীয়স্বজনের বাসা, পুলিশ, র্যা বের কার্যালয়সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। তাকে কেউ অপহরণ করেছে কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত করে বলতে পারছেন না। তিনি বলেন, ‘পুলিশ-র্যা ব পরিবারের কাছে যত ধরনের সহযোগিতা চাচ্ছে, আমরা সব ধরনের তথ্য দিয়ে সাহায্য করছি। আমরা সামিরকে ফিরে পেতে চাই।’
রাতে যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ সামিরকে উদ্ধারের চেষ্টা করছে।