চার দিনের জন্য বন্ধ হচ্ছে সাঙ্গু গ্যাস সংকটের আশঙ্কা
সাগরবক্ষের একমাত্র গ্যাসক্ষেত্র সাঙ্গু থেকে সরবরাহ আজ মঙ্গলবার থেকে চার দিনের জন্য বন্ধ করা হচ্ছে। রক্ষণাবেক্ষণ কাজ শেষে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে এটি পুনরায় চালু হতে পারে। সাঙ্গুর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সান্তোসের কর্মকর্তারা এ তথ্য জানান। সাঙ্গু বন্ধ হলে চট্টগ্রামে নতুন করে গ্যাস-সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ অবস্থায় চট্টগ্রামের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় গ্রিড থেকে গ্যাস বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) উৎপাদন স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) কর্মকর্তারা এ তথ্য জানান। কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সানোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, আজ (সোমবার) জাতীয় গ্রিড থেকে ২৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে সিইউএফএল চালাতে সমস্যা হবে না। জানা যায়, বর্তমানে জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে গ্যাসের সরবরাহ গড়ে ২০০ মিলিয়ন ঘনফুট। এর বাইরে সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে ১৩ মিলিয়ন এবং খাগড়াছড়ির সেমুতাং থেকে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হয়। আসন্ন বোরো মৌসুমে ইউরিয়া সারের জোগান বাড়াতে চট্টগ্রামের গ্যাসভিত্তিক সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ রেখে সিইউএফএল চালু করা হয়েছে।