রাউজানে ছোট দুই ভাইকে খুনের ঘটনায় বড় ভাই আবুল কালাম আজাদের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মো. নোমান রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রাউজান থানার পুলিশ আসামি আবুল কালাম আজাদকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
গতকাল শুনানির পর আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই ভাইকে খুন হওয়ার পর বড় ভাই আজাদ গা ঢাকা দেন। গত রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, রাউজানে দুই ভাই খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই জোড়া খুনের পেছনে জায়গাজমির বিরোধ ছাড়াও অন্য কোনো কারণ আছে কি না কিংবা তৃতীয় ব্যক্তির মদদ আছে কি না, তা খতিয়ে দেখতে বড় ভাইকে রিমান্ডে নেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, ২২ জুলাই রাউজানের সুলতানপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট দুই ভাই আবু সুফিয়ান ও আবু মোরশেদকে কুপিয়ে হত্যা করেন আবুল কালাম আজাদ।