চার দিনের রিমান্ডে বাহাউদ্দিন

বনানী থানার ধর্ষণ মামলায় বাহাউদ্দিনকে চার দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তাতে বলা হয়, ধর্ষণের ঘটনার সঙ্গে এ আসামির জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে বাহাউদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব।
জন্মদিনের দাওয়াতের কথা বলে গত মঙ্গলবার রাতে বনানীর ন্যাম ভিলেজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বাহাউদ্দিনের বিরুদ্ধে বুধবার বনানী থানায় মামলা করেন এক তরুণী অভিনেত্রী।
মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেন, ১১ মাস আগে ফেসবুকে বাহাউদ্দিনের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। মঙ্গলবার রাতে তাঁকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাড়িতে আমন্ত্রণ জানান। তিনি বাড়িতে গেলে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করেন। এরপর রাত সাড়ে তিনটার দিকে বাহাউদ্দিন তাঁকে বাড়ি থেকে বের করে দেন।