চার দেশে যান চলাচলে রূপরেখা চুক্তি সই
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের (বিবিআইএন মোটরযান চলাচল) রূপরেখা চুক্তি সই হয়েছে। এই চুক্তির অধীনে এ চারটি দেশের মধ্যে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক-লরি ও ব্যক্তিগত গাড়ি চলতে পারবে।
চুক্তি সইয়ের পর গতকালই একটি গাড়ি যাতায়াতের জন্য নির্ধারিত সব সড়কে জরিপের কাজ শুরু হয়েছে। থিম্পু থেকে গাড়িটি যাত্রা শুরু করেছে। কিছু আনুষ্ঠানিকতা শেষে চলতি বছরের শেষের দিকে মূল চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে চলাচল পথের সমীক্ষা, পরীক্ষামূলক চলাচল ও অভিবাসন-সুবিধা পর্যালোচনা করা হবে। আগামী বছরের শুরুতে চার দেশের মধ্যে যান চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে।
গতকাল সোমবার দুপুরে ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের পরিবহনমন্ত্রীরা চুক্তিতে সই করেন। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবু নাছের প্রথম আলোকে চুক্তির সত্যতা নিশ্চিত করেছেন।
চুক্তিতে ভারতের সড়ক পরিবহন, মহাসড়ক ও নৌপরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ি, ভুটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী লিনোপো ডি এন ডুঙ্গিয়েল এবং নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রী বিমলেন্দ্র নিধি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েন চাই ঝ্যাং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বলা হয়, এই প্রকল্প বাস্তবায়নে দেশগুলোর প্রায় আট বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে। এডিবি এতে সহায়তা করবে। চুক্তি সইয়ের পর ওবায়দুল কাদের টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘এই চুক্তির মাধ্যমে এ অঞ্চলের মানুষের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। আগামী বছরের শুরুতেই চুক্তিটি বাস্তবায়নের জন্য জন্য কাজ চলছে। এই যাতায়াতের জন্য ভিসা ও বহির্গমন আন্তর্জাতিক আইন অনুযায়ীই হবে।’
চার দেশের মধ্যে চলাচলের জন্য শুল্ক ও অভিবাসন কর্তৃপক্ষের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নিজ নিজ দেশের আইনে। তবে ট্রানজিট ও চলাচলের অনুমতি-সংক্রান্ত ফি নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে।
রূপরেখা চুক্তি অনুযায়ী অক্টোবরে এই চার দেশের মধ্যে গাড়ির শোভাযাত্রা হবে। ভারতের ভুবনেশ্বর থেকে শোভাযাত্রাটি শুরু হবে।
গতকাল রূপরেখা চুক্তির পর যৌথ বিবৃতিতে বলা হয়, চুক্তি বাস্তবায়নে কোনো জটিলতা দেখা দিলে চুক্তির বিধান অনুযায়ী তা নিষ্পত্তি করা হবে। এটি বাস্তবায়নে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। অক্টোবরেই পরীক্ষামূলক চলাচল ও আগস্টে প্রটোকল স্বাক্ষরের সময় নির্ধারণ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই কর্মপরিকল্পনা পর্যবেক্ষণে জাতীয় স্থল পরিবহন ত্বরান্বিতকরণ কমিটিগুলোর (নোডাল) কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এর বাস্তবায়নের গতিতে কোনো সমস্যা হলে তা দ্রুত নজরে আনতে বলা হয়েছে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, চুক্তিটি সইয়ের পর লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে চার দেশের পরিবহনমন্ত্রীদের অভিনন্দন জানিয়েছেন। ৮ জুন বাংলাদেশের মন্ত্রিসভায় রূপরেখা চুক্তিটির অনুমোদন দেওয়া হয়।
দক্ষিণ এশীয় আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক কৌশলগত বাণিজ্য সম্প্রসারণ (সাসেক) রূপরেখার ওপর ভিত্তি করেই এ চুক্তি সই হয়েছে। সাসেক রূপরেখা ২০১৪ সালের মার্চে এ চারটি দেশ অনুমোদন করে।
চলাচলের পথ: বাংলাদেশের সঙ্গে ভারতে যাওয়ার মোট ১৯টি স্থলবন্দর আছে। তবে আপাতত সব স্থলবন্দর দিয়ে যাতায়াত শুরু হবে না। প্রাথমিকভাবে ছয়টি পথের কথা ভাবা হচ্ছে। এগুলো হলো পঞ্চগড়ের বাংলাবান্ধা, লালমনিরহাটের বুড়িমারী, যশোরের বেনাপোল, সিলেটের তামাবিল, মৌলভীবাজারের কমলগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া সীমান্ত। বাংলাদেশিদের জন্য ঢাকা-বাংলাবান্ধা ও ঢাকা-বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের মধ্য দিয়ে নেপাল এবং ঢাকা-বুড়িমারী ও ঢাকা-তামাবিল পথ দিয়ে ভুটানে যাওয়া যাবে। এ ছাড়া পণ্য পরিবহনের জন্য বেনাপোল, আখাউড়া সীমান্তকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুরূপভাবে নেপাল ও ভুটানের যানবাহনও এ দুটি পথ ব্যবহার করে ঢাকা হয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত যাবে। আর ভারতের যানবাহন বেনাপোল, আখাউড়া ও করিমগঞ্জ সীমান্ত ব্যবহার করে যাত্রী ও পণ্য পরিবহন করবে। এসবও ঢাকা হয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত যাবে। মাঝপথে যাত্রী বা পণ্য ওঠানো-নামানো যাবে না।
কোন যান কীভাবে চলবে: চুক্তিতে যাত্রীবাহী যান বলতে বাণিজ্যিকভাবে পরিচালিত বাস, ভাড়ায় চালিত বাস-কার ও ব্যক্তিগত গাড়ির কথা উল্লেখ করা হয়েছে। আর পণ্যবাহী যানের মধ্যে রয়েছে কনটেইনার বহন করা যায় এমন ট্রেইলর ও ট্রাক।
ব্যক্তিগত গাড়ি অনিয়মিত যান হিসেবে বিবেচিত হবে। ব্যক্তিগত গাড়ি নিয়ে যাঁরা যেতে চান, তাঁদের ৩০ দিন পর্যন্ত ভ্রমণের অনুমতি দেওয়া হবে। যাত্রার যেসব উদ্দেশ্যের কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে—পর্যটন, তীর্থযাত্রা, বিয়ে অনুষ্ঠান, চিকিৎসা, শিক্ষাসফর, রেলস্টেশনে যাওয়ার জন্য যাত্রা।
এ ধরনের যাত্রীদের যাত্রাকালে জ্বালানি ভরে যেতে হবে। কোনো শুল্ক না দিয়েই নিতে পারবেন প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ। পথে জ্বালানির দরকার হলে ভর্তুকিবিহীন দামে জ্বালানি নিতে পারবেন। দুর্ঘটনায় পড়লে নিজ নিজ দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই গাড়ি নিয়ে যতবার ভ্রমণ করবেন, ততবার অনুমোদন নিতে হবে। ব্যক্তিগত গাড়ি নিলে গাড়ির কাগজপত্র, বিমার কাগজ থাকতে হবে।