চারটি দেশের বন্দর পরিদর্শনের পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একইভাবে ২১ হাজার কোটি টাকা ব্যয়ে মংলা বন্দর আধুনিকায়নের প্রস্তাবও বিবেচনা করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী গতকাল শুক্রবার বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। বন্দর সূত্র জানায়, গতকাল সকালে বন্দরের জেটিসহ নানা স্থাপনা ঘুরে দেখেন কমিটির সদস্যরা। এরপর বন্দর কর্মকর্তা, বেসরকারি অপারেটর এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাঁরা বৈঠক করেন। বন্দরের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম বলেন, সংসদীয় কমিটির সদস্য, ব্যবসায়ী ও বন্দরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল ভারত, চীন, মালয়েশিয়া ও হংকং বন্দর সরেজমিন পরিদর্শন করবেন। বিদেশের বন্দর ঘুরে দেখার আগে তাঁরা এই বন্দরের কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করলেন। চট্টগ্রাম বন্দরের টাকায় এই বিশাল বহর নিয়ে বিদেশ সফরে গিয়ে বন্দরের উন্নয়নে কোনো কাজে আসবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি বন্দরের কর্মকাণ্ড সরেজমিনে দেখলে দেশের বন্দরের উন্নয়নে ওই অভিজ্ঞতা কাজে লাগানো যাবে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, সফরে ব্যবসায়ীরা নিজেদের খরচ নিজেরাই বহন করবেন। বৈঠকে নৌপরিবহনমন্ত্রী ছাড়াও সংসদীয় স্থায়ী কমিটির ১০ সদস্যের আটজন বৈঠকে উপস্থিত ছিলেন। অন্য ব্যক্তিরা হলেন সাংসদ মো. শাহ আলম, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া, মোস্তফা কামাল ও মো. আবু জাহির। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে বেসরকারি অপারেটর নিয়োগে প্রাক-যোগ্যতা দলিল তৈরির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি দরপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। এনসিটিতে এক হাজার মিটার দীর্ঘ পাঁচটি জেটি রয়েছে।