চার দেশের শিক্ষার্থীদের জন্য কনটেন্ট তৈরি করবে সরকার
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য অনলাইনে পাঠযোগ্য এবং দূরশিক্ষণ কোর্সের মাধ্যমে পাঠদানের জন্য ইংরেজি এবং বাংলায় বিভিন্ন বিষয়ে কনটেন্ট তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার।
বাংলাদেশের গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে এসব কনটেন্ট বাংলা ও ইংরেজিতে দেশের ৩০টি উপজেলা কমিউনিটি ই-সেন্টারে অনলাইনে পাওয়া নিশ্চিত করাসহ দূর শিক্ষণ কোর্সে ব্যবহার উপযোগী করে তৈরি করা হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন (সাসেক) ইনফরমেশন প্রকল্প এ জন্য কনটেন্ট তৈরির জন্য অনুদান দেবে।
এ উদ্যোগের অংশ হিসেবে আজ বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে বাংলাদেশ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এর মধ্যে এক চুক্তি সই হয়।
বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম এবং আইইউবির ভাইস চ্যন্সেলর এ ওমর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে অংশীদারত্ব চুক্তিতে সই করেন।
তথ্যপ্রযু্ক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খান, এডিবির আবাসিক মিশন ও সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট সাতাকো তানাকা, সাসেক রিসার্স ও প্রশিক্ষণ গবেষণা নেটওয়ার্ক (আরটিএন) প্রকল্প পরিচালক অ্যাঞ্জেল ডিয়েজ, আইসিটি বিভাগের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ ব্যাপারী এ সময় উপস্থিত ছিলেন।