চার দেয়ালে অবরুদ্ধ শহীদ মিনার

চারদিক প্রাচীরে ঘেরা। লোহার ফটকে ঝুলছে তালা। তালায় মরচে ধরে গেছে। এই দৃশ্য মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনারের। এর অবস্থান মাগুরা সরকারি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজের সীমানার মধ্যে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনারকে সীমানাপ্রাচীরের মধ্যে তালাবন্দী করে রেখেছেন কলেজের অধ্যক্ষ মো. এলিয়াছ হোসেন। কলেজের আগের অধ্যক্ষের সময় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সময়ের সঙ্গে শহীদ মিনারের শ্রী বাড়ানো হয়েছে। দামি টাইলসে মোড়ানো হয়েছে স্তম্ভ। সামনের জায়গায় বিছানো হয়েছে সিরামিকের ইট। সেই সঙ্গে সীমানাপ্রাচীরের লোহার দরজায় আরও মজবুত তালা ঝোলানো হয়েছে। দীর্ঘ সময় তালাবদ্ধ থাকায় পরিচ্ছন্নতার অভাবে ময়লায় ঢাকা পড়ে শহীদ মিনার। একুশে ফেব্রুয়ারি এলে ঝাড়ামোছা আর রংচং করে শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত করা হয়।
অধ্যক্ষ মো. এলিয়াছ হোসেন বলেন, ‘খোলা থাকলে ছেলেপেলে শহীদ মিনারে আড্ডা মারে। শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করে। তাই কেউ যেন শহীদ মিনারে ঢুকতে না পারে সে জন্য আমরা তালাবদ্ধ করে রাখি।’
জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ নাজমুল হাসান বলেন, সরকারি কলেজের অভ্যন্তরে হলেও শহীদ মিনারটি মাগুরার কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা আন্দোলনের স্মৃতিচিহ্ন। বাঙালির চেতনার কেন্দ্রবিন্দু। তাই কোনো অজুহাতেই এটিকে বন্দী করে রাখা চলবে না।
কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোনিয়া খাতুন বলেন, ‘রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলাকে পেয়েছি। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। অন্য কোনো শহীদ মিনারকে প্রাচীরে ঘিরে তালাবদ্ধ করে রাখতে দেখিনি। মাগুরা সরকারি কলেজে পড়তে এসে এমন দুঃখজনক দৃশ্য দেখলাম।’ সাংস্কৃতিক কর্মী আলিমুজ্জামান উজ্জ্বল বলেন, ‘শহীদ মিনার ঘিরে আগে আমরা নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড করেছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেও আমরা ছুটে এসেছি এখানে। বাঙালির গর্বের এই জায়গাটিকে আমরা সব কাজে জড়িয়ে রাখতে চাই। কিন্তু এখন প্রাচীরে ঘেরা শহীদ মিনারে প্রবেশের অনুমতি মেলে না।’
কলেজের সাবেক শিক্ষক মো. মফুজার রহমান বলেন, তরুণ প্রজন্মের কাছে শহীদ মিনার অপার শিক্ষার জায়গা। ভাবতে অবাক লাগে, এমন একটি পবিত্র জায়গাকে কীভাবে অবরুদ্ধ করে রাখা যায়।
ভাষাসৈনিক আমিনুল ইসলাম (চান্দু মিয়া) বলেন, ‘ষাটের দশকে মাগুরায় শহীদ মিনার তৈরিতে জড়িত ছিলাম। আমরা শহীদ মিনারটি সরকারি কলেজের অভ্যন্তরে করেছি। ওই সময় নিরাপত্তার বিষয়টিও ছিল। কিন্তু মনে রাখা দরকার, কোনোভাবেই শহীদ মিনারটি কলেজের নিজস্ব সম্পত্তি নয়।’
জানতে চাইলে জেলা প্রশাসক মাসুদ আহমেদ বলেন, একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারটিকে খোলা রাখতে বলা আছে। তবে সব সময় খোলা রাখার বিষয়ে স্থানীয়ভাবে কখনো দাবি করা হয়নি। তা ছাড়া ওপর থেকেও এ ধরনের দিকনির্দেশনা দেওয়া হয়নি।