চার দেয়ালের মধ্যে নববর্ষ পালনের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্টীয় নববর্ষকে ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। নববর্ষের প্রথম প্রহরে নগরবাসীকে ঘরের বাইরে বের না হতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। গুলশান, বনানী, বারিধারা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতিরঝিল এলাকায় চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
গতকাল সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে খ্রিষ্টীয় নববর্ষের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথাই বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিন অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস, ইব্রাহিম ফাতেমী ও শেখ মুহম্মদ মারুফ হাসান।
কমিশনার বলেন, ‘কেউ উন্মুক্ত স্থানে সমবেত হবেন না। চার দেয়ালের মধ্যে নিজস্ব পরিবেশে উৎসব করেন।’ তিনি বলেন, ‘সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপন করতে পারে সে জন্য পুলিশ তৎপর। নিরাপত্তাকে যেন আমরা (নগরবাসী) বিরক্তিকর বিষয় হিসেবে না দেখি। পুলিশ যাদের নিরাপত্তা দেবে তাদের সহায়তা পাওয়া না গেলে ফুলপ্রুফ নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়ে।’
কমিশনার বলেন, ‘নববর্ষের প্রথম প্রহরে দ্রুত গাড়ি চালনা, মাতাল হয়ে গাড়ি চালনা কেউ করবেন না বলে আশা করি। কেউ করলে ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশান, বনানী, বারিধারা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতিরঝিল এলাকায় চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এসব এলাকার বাসিন্দাদের রাত আটটার মধ্যে বাসায় ফিরতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারীদের পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে। রাত আটটার পর হাতিরঝিলে কাউকে ঢুকতে দেবে না পুলিশ।