চার নদী দূষণ করায় সাড়ে ১০ কোটি টাকা জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চারপাশে প্রবাহিত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদ রক্ষায় বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর গত এক বছরে প্রায় ৬৬টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে নদীদূষণের দায়ে দেড় শতাধিক শিল্পপ্রতিষ্ঠানকে ১৭ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আদায় করা হয়েছে সাড়ে ১০ কোটি টাকা।অভিযানকালে এসব কারখানার অধিকাংশেই বর্জ্য পরিশোধনাগারের অস্তিত্ব পাওয়া যায়নি, কিংবা বর্জ্য পরিশোধনের ব্যবস্থা থাকলেও সেগুলো অকার্যকর ও বন্ধ পাওয়া যায়। এ ছাড়া অভিযানে ১৭টি রঙের কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এক ডজনেরও বেশি কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।ঢাকার চারপাশের চারটি নদীকে ২০০৯ সালের অক্টোবর মাসে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এ ঘোষণা-সংক্রান্ত প্রজ্ঞাপনে এসব নদীতে প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংস করা; মাটি, পানি ও বায়ুদূষণ করা এবং মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য ক্ষতিকর কাজ নিষিদ্ধ করা হয়।পরিবেশ অধিদপ্তরের অভিযানের সময় দেখা যায়, ওই চার নদীতে শিল্পকারখানাগুলো থেকে বর্জ্য ফেলা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের জরিপে দেখা যায়, ঢাকার চারপাশের শিল্পকারখানা থেকে দৈনিক প্রায় এক হাজার মেট্রিক টন শিল্পবর্জ্য উৎপন্ন হয়, যার অধিকাংশই তরল বর্জ্য। এসব দূষিত বর্জ্য নর্দমা, পয়োনিষ্কাশনের পথ এবং বিভিন্ন জলাশয়ের মাধ্যমে এই চার নদীতে ফেলা হয়।এসব শিল্পকারখানার তরল বর্জ্যে নদীগুলোর পানি ভয়ানক দূূষিত হয়ে পড়েছে এবং ক্রমান্বয়ে মৎস্য, উদ্ভিদ ও জীববৈচিত্র্য শূন্য হয়ে পড়ছে। এসব কারখানা থেকে সালফিউরিক এসিড, মারকারি, সিসা, সোডিয়াম, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, জিংক, বিষাক্ত রং, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, এসিটোন ইত্যাদি রাসায়নিক বর্জ্য নদীর পানিতে মিশে পরিবেশ ভয়াবহ করে তুলছে, যা জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।