
সীমানা খুঁটি স্থাপনে ভুল ও অনিয়মের কারণে ঢাকা ও এর চারপাশের চার নদীর প্রায় হাজার একর অংশ বেহাত হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রগুলোর দাবি, কাঠাপ্রতি গড় মূল্য ১০ লাখ টাকা ধরলে বেহাত হওয়া জমির দাম বর্তমান বাজারমূল্যে প্রায় দুই হাজার কোটি টাকা।অভিযোগ উঠেছে, সীমানা নির্ধারণে ব্রিটিশ আমলের জরিপ এড়িয়ে সাম্প্রতিক জরিপকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবে এবং উৎকোচের বিনিময়েও ভুলভাবে খুঁটি বসানো হয়।হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং ভূমি ও জরিপ অধিদপ্তর বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীতে জরিপ করে। হাইকোর্ট ২০০৯ সালের ২৫ জুন সিএস (ক্যাডেস্টাইল সার্ভে) পদ্ধতি অনুসারে নদীর পাড় দখলমুক্ত করার এবং আগস্ট থেকে সেপ্টেম্বরে (বর্ষাকাল) নদীর ঢাল নির্ধারণের নির্দেশ দেন। আদালত পরের বছর ২১ মার্চ সদরঘাট টার্মিনালসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা বিবেচনায় রেখে জনস্বার্থে সিএস এবং আরএস (রিভাইজ সার্ভে) অনুসারে স্থাপনা অপসারণের নির্দেশ দেন। হাইকোর্ট নদীর ঢালের ১৫০ ফুট দূরে সীমানা খুঁটি বসানোর নির্দেশ দেন।নদীতে সীমানা খুঁটি স্থাপনে সরকার ২৮ কোটি টাকা বরাদ্দ দেয়। এ পর্যন্ত চার নদীর ৬৩ কিলোমিটার অংশে ১৩ হাজার ৮৬৯টি সীমানা খুঁটি পোঁতা হয়েছে; যা হয়েছে শুকনো মৌসুমে। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতেও সীমানা খুঁটি পোঁতার কথা।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার ভুলভাবে সীমানা খুঁটি বসানোর বিষয়ে একমত পোষণ করে বলেন, নদীর এক হাজার একর জমি নয়, ভালোভাবে খতিয়ে দেখলে আরও বেশি জায়গা বেহাত হওয়ার হিসাব পাওয়া যাবে। তিনি বলেন, এ ব্যাপারে বিআইডব্লিউটিএর একেবারে দোষ নেই তা বলা যাবে না। কিন্তু জরিপকাজসহ বিভিন্ন কাজে ভুল করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। সব সংস্থা সমন্বিত উদ্যোগ নিলে বেহাত হওয়া জায়গা এখনো উদ্ধার করা সম্ভব।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং ভূমি ও জরিপ অধিদপ্তর বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীতে জরিপ করে। এই জরিপের ভিত্তিতে গণপূর্ত অধিদপ্তর ২০১০ সালের নভেম্বরে শীতলক্ষ্যা ও তুরাগ নদে সীমানা খুঁটি স্থাপন শুরু করে। তুরাগে খুঁটি স্থাপনে ভুল ও অনিয়ম হলে পরিবেশবাদী সংগঠন এর প্রতিবাদ জানায়। গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এ অবস্থায় তুরাগের গাজীপুর অংশে খুঁটি স্থাপন স্থগিত করা হয়। সম্প্রতি তুরাগের অন্যান্য অংশে খুঁটি স্থাপন করা হয়। কিন্তু আবারও একই ধরনের ভুল ও অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, নদী দখলমুক্ত করতে, নতুন দখল ঠেকাতে এবং যথাস্থানে সীমানা খুঁটি বসানোর জন্য প্রয়োজনে মামলা করা হবে। এ নিয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তুরাগে জমি বেহাতের বন্দোবস্ত: গাজীপুরে তুরাগ নদের ১৫ কিলোমিটার অংশে সীমানা খুঁটি পোঁতা হয়। এতে বরাদ্দ ছিল এক কোটি ৪০ লাখ টাকা। ভুল স্থানে খুঁটি পোঁতায় বিআইডব্লিউটিএর হিসাবে ঢাকা ও গাজীপুরে তুরাগের প্রায় ৬০০ একর জমি বেহাত হয়েছে এবং এখনো হচ্ছে। তবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) তুরাগে জরিপ করে বলেছে, তুরাগেই এক হাজার ১৯৮ একর অংশ বেহাত হয়েছে।
অভিযোগ উঠেছে, ঢাকায় তুরাগের দুই তীরের গাবতলী, মোল্লারটেক, বড়বাজার, আলোকদী, বিরুলিয়া, কুটবাড়ি, হরিরামপুর, ছোট দিয়াবাড়ি, বাকশাত্রা, কাউয়াইন্দা, নবাবের বাগ, সাদুল্লাপুর, আশুলিয়া, ধউর, টঙ্গীর ইজতেমা মাঠসংলগ্ন স্থানসহ বেশির ভাগ অংশেই নির্ধারিত স্থানের অনেক ভেতরে খুঁটি স্থাপন করা হয়েছে। এভাবে খুঁটি পুঁতে খুঁটির পর থেকে বাকি অংশ বেহাত হওয়ার বন্দোবস্ত করা হয়েছে।
সম্প্রতি সরেজমিনে মিরপুরে বেড়িবাঁধ সড়কে ঢুকে দেখা গেল, খুঁটির পর থেকে বেড়িবাঁধ পর্যন্ত অংশ ভরাট করে ‘মাঠ’ করা হয়েছে। সেখান থেকে বিআইডব্লিউটিএর সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশন, গোরান চটবাড়ি পানি উন্নয়ন বোর্ডের পাম্প স্টেশন পর্যন্ত শুধু ভরাটের দৃশ্য। কোথাও কোথাও সীমানা খুঁটিও ঢেকে গেছে। ধউর থেকে উত্তরার আবদুল্লাহপুর পর্যন্ত অন্তত ১৭টি স্থানে ভরাট করা হয়েছে। আশুলিয়া সেতুর কাছে নিচু জমিগুলোর বেশির ভাগই ভরাট হয়ে গেছে। ধউরে বিশাল জায়গা ভরাট করে টিনের প্রাচীর দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে তা স্থানীয় লোকজন জানেন না। কোথাও খুঁটির পরে নদের জায়গায় পাকা ভবনও হয়েছে।
এদিকে ‘নিয়মিত কাজের অংশ’ হিসেবে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ কিছু দিন আগে সিন্নিরটেক ও আশপাশে তুরাগে খনন করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেশির ভাগ অংশে নদী চওড়ায় ৫০ মিটার (১৬০ ফুট) পর্যন্ত রয়েছে। এক পাড়ের খুঁটি থেকে বিপরীত পাড়ের খুঁটির দূরত্ব বেশির ভাগ ক্ষেত্রে ২০০ ফুটের বেশি পাওয়া যাচ্ছে না। অথচ চার বছর আগেও এখানে খননের সময় চওড়া ছিল ৪০০ থেকে ৬০০ ফুট।
তুরাগের পশ্চিমপাড়ে সাভারের বড়কাকর ও দেউল মৌজায় স্থাপিত ১১টি খুঁটি নদীগর্ভে যাওয়ার উপক্রম হয়েছে। গণপূর্ত জরিপ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলী নেওয়াজ আহমেদ জেলা প্রশাসক বরাবর লেখা চিঠিতে অভিযোগ করেন, বিআইডব্লিউটিএর খননকাজের কারণে এটা হয়েছে। বিষয়টি বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে অবহিত করে ব্যবস্থা নিতে বলেছেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান প্রথম আলোকে জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বুড়িগঙ্গার চিত্র: বুড়িগঙ্গা নদীর এক পারে মিলব্যারাক থেকে পোস্তগোলা শ্মশানঘাট হয়ে পঞ্চবটি পর্যন্ত এবং অপর পাড়ে হাসনাবাদ থেকে কান্দাপাড়া পর্যন্ত মোট ১৪ কিলোমিটার অংশে ছয় হাজার ৫৮৪টি খুঁটি বসানো হয়েছে। এ জন্য বরাদ্দ ছিল ১৮ কোটি ৬৬ লাখ টাকা। বিআইডব্লিউটিএ বলছে, ভুল স্থানে খুঁটি পোঁতায় বুড়িগঙ্গার ১৮০ একর অংশ বেহাত হয়েছে। খুঁটি পোঁতায় অনুসরণ করা হয়েছে সিএস এবং আরএস পদ্ধতি। মিলব্যারাক থেকে পোস্তগোলা পর্যন্ত খুঁটির ভেতরের অংশে রাস্তা (বাঁধ) থাকায় রাস্তা ও খুঁটির মাঝের অংশও হাতছাড়া হয়েছে।
হাসনাবাদ থেকে কান্দাপাড়া পর্যন্ত সীমানা খুঁটির ভেতরেও অনেক স্থাপনা, ইট বালুর ব্যবসার গদি দেখা গেছে।
শীতলক্ষ্যার স্থায়ী ক্ষতি!: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও বালু নদীর ২৭ কিলোমিটার অংশে পাঁচ হাজার ৮৮১টি খুঁটি বসানো হয়। বরাদ্দ ছিল আট কোটি ৮০ লাখ টাকা। বিআইডব্লিউটিএর দায়িত্বশীল সূত্রমতে, কর্তৃপক্ষের কাছে শীতলক্ষ্যা-বালু নদীর প্রায় ২১০ একর অংশ বেহাত হওয়ার হিসাব আছে। শীতলক্ষ্যার পূর্ব পাড়ে ১৩ শতাধিক এবং পশ্চিম পাড়ে সাত শতাধিক খুঁটি নতুন করে না বসালে বেহাত হওয়া জায়গা স্থায়ীভাবে হাতছাড়া হবে।
কোথায় কোথায় নদীর মধ্যে খুঁটি পোঁতা হয়েছে, সে জরিপও বিআইডব্লিউটিএ করেছে। যেমন সিদ্ধিরগঞ্জের আটি মৌজা, বন্দর, কুড়িপাড়া, সিএসডি খাদ্যগুদাম, শান্তিনগর গুচ্ছগ্রাম থেকে মদনগঞ্জ লঞ্চঘাটের দক্ষিণ পর্যন্ত এবং কাঁচপুরের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থাপনার আশপাশে খুঁটি রয়েছে। দায়িত্বশীল ব্যক্তিরা জানান, এসব খুঁটি অন্তত ২০০ থেকে সাড়ে ৩০০ ফুট দূরে বসাতে হবে। কিন্তু সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙতে হবে—এমন দোহাই দিয়ে এটা করা হচ্ছে না।
ঢাকা জেলার ডিসি রাজস্ব মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, যৌথ জরিপে নদীর সীমানা নির্ধারণ করা হয়েছিল। তবে অনেক আগে নদী ছিল, কিন্তু এখন বসতি গড়ে উঠেছে—এমন জায়গায় সীমানা নির্ধারণে সমস্যা হওয়ায় খুঁটি পোঁতা হয়েছে। তিনি বলেন, অবৈধ ভরাট ও দখলের বিরুদ্ধে দফায় দফায় নোটিশ করা হয়। উচ্ছেদও হয়, কিন্তু আবার দখল হয়ে যায়। শিগগিরই কঠোরভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে।
বিআইডব্লিউটিএর খননকাজের জন্য কিছু সমস্যা হচ্ছে। এগুলো সমাধানের পর সীমানা খুঁটির বিষয়ে আন্তসংস্থা পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে।
ভুল শনাক্ত: সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালের ২৬ নভেম্বর নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় বিআইডব্লিউটিএর প্রতিনিধি অভিযোগ করেন, জেলা প্রশাসন হাইকোর্টের আদেশে নদীর তীরভূমি, ঢাল ও নদীর উচ্চ সীমানা ইত্যাদি বিবেচনায় না রেখে শুধু আরএস এবং সিএস পদ্ধতিতে জরিপ সম্পাদন করেছে এবং বেশির ভাগ ক্ষেত্রে আরএস পদ্ধতি অনুযায়ীই সীমানা খুঁটি বসানো হয়েছে।
ওই বছরের ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ নদী বন্দর থেকে বিআইডব্লিউটিএর পরিচালক বরাবর লেখা চিঠিতে বলা হয়, ২০১১ সালের ২৬ এপ্রিল নদীবিষয়ক টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত হয়েছিল, ইতিমধ্যে স্থাপিত খুঁটি এক মাসের মধ্যে অপসারণ করতে হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী খুঁটি পুনঃস্থাপন করতে হবে। কিন্তু নারায়ণগঞ্জের ক্ষেত্রে এ সিদ্ধান্ত মানা হয়নি।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মানস কান্তি বড়াল গতকাল রোববার বলেন, ফতুল্লাসহ কিছু স্থানে আগে যেসব খুঁটির বিষয়ে হাইকোর্টের আপত্তি ছিল, সেগুলোর বেশ কয়েকটির সংশোধন করা হয়েছে এবং হাইকোর্টকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, বালু নদ তুলনামূলক সরু। সেখানে বেসরকারি অনেক জায়গা পড়েছে।