চার নদীর ১৯ কিলোমিটার অংশে দ্রবীভূত অক্সিজেন নেই
বুড়িগঙ্গাসহ ঢাকা ও আশপাশের চারটি নদীর ১১০ কিলোমিটার নদীপথের ১৯ কিলোমিটার অংশেই দূষণ সবচেয়ে বেশি। দ্রবীভূত অক্সিজেন শূন্যের কোঠায় নেমে এসেছে বলে এসব অংশে ব্যাকটেরিয়া পর্যন্ত নেই।অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, অক্সিজেন তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মানোর জন্য পুরো এলাকায় ‘স্কেভেঞ্জার’ নামের দুটি মেশিন বসানো হবে। এ ছাড়া নদীর দূষণ কমাতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।চার নদীর ১৯ কিলোমিটার অংশের মধ্যে রয়েছে হাজারীবাগ, চাঁদনীঘাট, সদরঘাট, বাদামতলী, সোয়ারীঘাট, কামরাঙ্গীরচর, মিলব্যারাক, আগানগর, শ্যামপুর, পোস্তগোলা, ফতুল্লা, তুরাগের টঙ্গী বাজার, শিল্প এলাকা এবং শীতলক্ষ্যার সারুলিয়া। বিআইডব্লিউটিএর নিজস্ব জরিপ ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষায় নদীর মারাত্মক দূষণের এই অবস্থা জানা যায়।বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এ বি এম বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, বুড়িগঙ্গা নদী বিশেষ করে, হাজারীবাগ, চাঁদনীঘাট, সদরঘাট ও আশপাশের এলাকায় দূষণের মাত্রা এত বেশি যে এসব এলাকার নদীর পানি ব্যবহারকারী বেশির ভাগ মানুষকেই চর্মরোগে ভুগতে হচ্ছে। জলজ প্রাণীও প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিবেশ অধিদপ্তরের জরিপ অনুযায়ী, বুড়িগঙ্গার পাড় ও নিকটবর্তী প্রায় দুই হাজার, শীতলক্ষ্যার সাড়ে ৭০০ এবং তুরাগ ও বালু নদের আশপাশের এলাকার ছয় শতাধিক কলকারখানার বর্জ্য সরাসরি যাচ্ছে বুড়িগঙ্গাসহ চারটি নদীতে। কারখানাগুলোয় পরিশোধন যন্ত্র (ইটিপি) বসানোর কথা থাকলেও বেশির ভাগ মালিকই তা বসাননি। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, যাঁরা ইটিপি বসিয়েছেন, বেশির ভাগ তা চালু রাখেন না।কঠিন গৃহস্থালি বর্জ্যও নদীদূষণ করছে। মাতুয়াইল ও আমিনবাজারের ভাগাড় পর্যন্ত নেওয়া যায় না রাজধানীর প্রতিদিনের এমন প্রায় তিন হাজার টন গৃহস্থালি বর্জ্যও যায় নদীতে। বুড়িগঙ্গার পাড়ে থাকা ডিসিসির বেশ কয়েকটি কনটেইনার থেকেও আবর্জনা নদীতে যায়। নদীতীরের ডক ইয়ার্ডগুলো ছাই ও রাসায়নিক পদার্থ ফেলে নদীকে দূষিত করছে।সূত্র জানায়, এসব স্থানে দ্রবীভূত অক্সিজেন তৈরির জন্য যুক্তরাষ্ট্র থেকে ৭৫ কোটি টাকায় দুটি স্কেভেঞ্জার মেশিন আনা হবে। এই মেশিন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মায়ামি নদীর দূষণ কমানো এবং পানির গুণগত মান উন্নত করা সম্ভব হয়েছে। দক্ষিণ আফ্রিকায়ও একাধিক নদীর দূষণ কমানো হয়েছে।স্কেভেঞ্জার মেশিনের সাহায্যে দূষণাবৃত স্থানে অক্সিজেন তৈরির পর সেখানে ব্যাকটেরিয়া জন্মায়। এই ব্যাকটেরিয়া ময়লা বা দূষিত বস্তু খেয়ে ফেলে। আর ময়লা বা দূষিত বস্তু কমিয়ে আনলে নদীর দূষণও কমে আসে।বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া বলেন, পানির গুণগত মানের উন্নয়নের জন্য বিআইডব্লিউটিএ ইউরোপীয় ও মার্কিন প্রযুক্তির স্কেভেঞ্জার কেনার লক্ষ্যে প্রকল্পটি হাতে নিয়েছে।দূষণ কমাতে নোটিশ: গত বছর ঢাকা ও চারপাশের নদীর দূষণ কমাতে বিআইডব্লিউটিএ বাদামতলী থেকে কামরাঙ্গীরচর পর্যন্ত তিন কিলোমিটার এবং টঙ্গীতে তুরাগ নদে এক কিলোমিটার এলাকার বর্জ্য পরিষ্কার করেছিল। এসব স্থানে নদীপাড়ের এক হাজার ৪৩২টি বাড়ির বর্জ্য সরাসরি নদীতে পড়ে। বিআইডব্লিউটিএ গত মার্চে এসব বাড়িকে নোটিশ দিয়ে অনুরোধ করেছিল, যাতে নদীতে কোনো আবর্জনা ফেলা না হয়। বিআইডব্লিউটিএর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যাদের নোটিশ দেওয়া হয়েছিল, তারা কতটা সাড়া দিয়েছে, তা দেখার জন্য যেকোনো সময় অভিযান পরিচালিত হবে।