চার নারীকে ধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বাড়িতে চার নারীকে ধর্ষণ ও ডাকাতির মামলায় মো. ফারুকি ওরফে মাহমুদ নামের একজনকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে ঘটনার সঙ্গে ফারুকির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই নিয়ে এই মামলায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য কামাল ও মো. রোকন নামের দুজনকে থানায় আনা হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ সুমন ওরফে আবুকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বলেন, গ্রেপ্তার মোহাম্মদ সুমনকে ধর্ষণের শিকার নারীরা আগেই শনাক্ত করেছেন। তাঁকে গতকাল চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় সোমবার গ্রেপ্তার হওয়া মো. ফারুকিও অন্যতম সন্দেহভাজন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
হাসান ইমাম বলেন, গ্রেপ্তার মোহাম্মদ সুমন পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও ডাকাতির ঘটনার কথা সরাসরি স্বীকার করেননি। তবে তিনি একেক সময় একেক ধরনের কথা বলছেন। কখনো বলছেন, ডাকাতির সময় তিনি বাড়ির ছাদে ছিলেন, আবার কখনো বলছেন ঘরের বাইরে ছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তাফা বলেন, মোহাম্মদ সুমন প্রকাশ আবুকে টিআই প্যারেডে (শনাক্তকরণ মহড়া) হাজির করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। গ্রেপ্তার মো. ফারুকি এই ঘটনায় অন্যতম সন্দেহভাজন। এর আগে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা কালুকে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল থানায় আনা কামাল ও মো. রোকনকেও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হতে পারে।
গত ১২ ডিসেম্বর রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বাড়িতে ডাকাতির পর ডাকাতেরা চার নারীকে ধর্ষণ করে। ধর্ষিত চার নারীর একজন ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের সদস্যরা জানান। ঘটনার পাঁচ দিন পর গত রোববার (১৭ ডিসেম্বর) রাতে ডাকাতি ও ধর্ষণের শিকার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এরপর সেই রাতেই কর্ণফুলী থানার পুলিশ মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করে।