চার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শাস্তিমূলক বদলি
মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের আরও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বদলি করা হলো। তাঁরা হলেন সুজিত হাওলাদার ও যুবায়ের আহমেদ। গত বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনার মসিউর রহমান স্বাক্ষরিত একটি পত্রে সুজিত হাওলাদারকে মাগুরায় এবং যুবায়ের আহমেদকে যশোরে বদলির আদেশ দেওয়া হয়।এই নিয়ে এ ঘটনায় মেহেরপুরের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বদলি করা হলো। এর আগে ২১ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আসলাম উদ্দিনকে নড়াইলে ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আবিডিও মার্ডিকে সাতক্ষীরায় বদলি করা হয়েছে।জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের কজন ম্যাজিস্ট্রেট ও কর্মচারী ১৯ মার্চ জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমমেদকে মারধর ও হেনস্তা করেন। এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে খুলনা বিভাগীয় কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয় দুটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি দুটি ইতিমধ্যে তদন্ত শেষ করেছে। বুধবার বাংলাদেশ জেলা নির্বাচন কর্মকর্তা সমিতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃশ্যমান বিচার দাবি করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে। ঘটনার সর্বশেষ অবস্থা জানতে নির্বাচন কমিশন বৃহস্পতিবার তৃতীয় দফা বৈঠক করেছে।জেলা নির্বাচন কর্মকর্তা তারিক আহমেদ বলেন, তদন্ত কমিটি ২৮ ও ২৯ মার্চ অভিযুক্ত চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৪ কর্মচারীসহ অন্যদের জবানবন্দি নিয়েছে। এ ছাড়া খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ খুলনার পরিচালক আবদুল হান্নান বিশ্বাস ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মীর জহুরুল ইসলাম ২৪ ও ২৫ মার্চ ঘটনা তদন্ত করেছেন।খুলনা বিভাগীয় কমিশনার মসিউর রহমান বলেন, ‘এই ঘটনায় চার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শাস্তিস্বরূপ বদলি করা হয়েছে। ঘটনার তদন্ত শেষ হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাইনি। তদন্তে আরও কেউ অভিযুক্ত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’১৯ মার্চ মারধর ও হেনস্তা হওয়ার পর ২১ মার্চ নির্বাচন কর্মকর্তা তারিক আহমেদ বাদী হয়ে মেহেরপুরের বিচারিক হাকিম বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে অপহরণ ও হত্যাচেষ্টাসহ সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলায় অভিযুক্ত চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২২ মার্চ খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান মেহেরপুর জেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে করেন। বৈঠকে মারধরের সঙ্গে জড়িতদের দৃশ্যমান বিচার হবে, জেলা প্রশাসনের এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেলে নির্বাচন কর্মকর্তা তাঁর মামলা প্রত্যাহার করেন।