চার নেতাকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মন্ত্রী, সাংসদসহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় চার নেতাকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন অংশ গত সোমবার রাতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। মহিউদ্দিনের চশমা হিলের বাসায় ওই বৈঠক হয়।দলীয় সূত্র জানায়, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মন্ত্রী আফছারুল আমীন, সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী এবং কোষাধ্যক্ষ ও সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালামকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাঁরা ১০ জানুয়ারি লালদীঘি ময়দানে সমাবেশ করেন।মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক কার্যনির্বাহী সভায় চারজনকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁরা সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন। এতে দল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁদের কেন দল থেকে অব্যাহতি দেওয়া হবে না, সে ব্যাপারে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে তাঁদের কাছে কারণ দর্শানোর চিঠি পৌঁছানো হবে।তবে আফছারুল আমীন ও নুরুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন দাবি করেন, ‘জরুরি কার্যনির্বাহী সভার কথা বলে আমাদের আমন্ত্রণ জানানো হয়। রাতারাতি তা বর্ধিত সভায় রূপান্তর হয় কী করে? আর কাউকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার আগে বর্ধিত সভার দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। সভার আলোচ্যসূচিতেও বিষয়টি রাখতে হয়। এ রকম কোনো আলোচ্যসূচি বা বর্ধিত সভার চিঠি আমাদের কাছে পাঠানো হয়নি। তাই কারণ দর্শানোর সিদ্ধান্ত গঠনতন্ত্রবিরোধী, অযৌক্তিক ও অকার্যকর।’