চার পথিকৃৎ নারীকে স্মরণ

বাংলাদেশের মেহেরুন্নেসা খাতুন ও নাদেরা বেগম, ভারতের বীণা মজুমদার এবং শ্রীলঙ্কার সুনিলা আবেসেকেরা। তিন দেশের এই চার পথিকৃৎ নারী স্বাধিকার ও সমতার সমাজ গড়ার সংগ্রাম করেছেন। গতকাল বৃহস্পতিবার এই চার নারীকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং বেসরকারি সংগঠন নিজেরা করি। এ বছরের বিভিন্ন সময়ে এ চার নারীর মৃত্যু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক নাজমা চৌধুরী শারীরিকভাবে অসুস্থ থাকায় তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনান বিভাগের শিক্ষক আয়েশা বানু। লিখিত বক্তব্যে নাজমা চৌধুরী বলেন, এই চারজন নিজ নিজ কর্মক্ষেত্রের বিস্তৃতি ঘটিয়ে নারীর জন্য রেখে গেছেন এক সম্ভাবনাময় পৃথিবী। এই সম্ভাবনাকে পরিপূর্ণতা দিতে প্রয়োজন নারী আন্দোলন ও নারীবাদী সংগঠনগুলোর সচেতন অবস্থান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের বিশেষ সেমিনার রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান তানিয়া হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ বাংলাদেশের একটি গোষ্ঠী নারীদের পিছিয়ে দিতে চাচ্ছে উল্লেখ করে এই গোষ্ঠীর বিরুদ্ধে সচেতন থাকতে সবার প্রতি আহ্বান জানান।
স্মৃতিচারণায় চারজন: ১৯৬১ সালে ঢাকা হাইকোর্টের তালিকাভুক্ত বাংলাদেশের প্রথম আইনজীবী মেহেরুন্নেসা খাতুন। তিনি ১৯৫৪ সালে ময়মনসিংহ থেকে যুক্তফ্রন্টের নারী প্রার্থী হিসেবে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। আদালত প্রাঙ্গণে তাঁকেও পুরুষ আইনজীবীদের বিদ্রূপ সইতে হয়েছে। অনুষ্ঠানে মেহেরুন্নেসা খাতুন সম্পর্কে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব সিগমা হুদার (অনুপস্থিত থাকায়) একটি লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন নাদেরা বেগম। তিনি ১৯৪৯ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত কারাবন্দী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক মালেকা বেগম স্মৃতিচারণা করেন।
ভারতে নারী অধ্যয়ন-সম্পর্কিত উইমেন্স স্টাডিজের ব্যাপ্তি ঘটানো এবং বিষয়টি জাতীয় নিয়ামক হিসেবে স্বীকৃতি লাভ করানোর পেছনে বীণা মজুমদার অবদান রাখেন। স্মৃতিচারণায় নারীপক্ষের সদস্য শিরিন হক বীণা মজুমদারের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
শ্রীলঙ্কার প্রখ্যাত মানবাধিকার-কর্মী সুনিলা আবেসেকেরার জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেন খুশী কবির।
নারীনেত্রী মাহমুদা ইসলাম নারী আন্দোলনে সক্রিয় হতে এই নারীদের আদর্শকে অনুকরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০০৮ সাল থেকে চালু হওয়া মামুনা খাতুন স্মৃতি বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা ও সনদ তুলে দেওয়া হয়।