চার পর্যবেক্ষক ও ১১ পরীক্ষার্থী বহিষ্কৃত
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে দায়িত্ব পালনে শৈথিল্য প্রদর্শনের দায়ে চার পর্যবেক্ষক ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত চার পর্যবেক্ষক হলেন কুমিল্লার নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সাজ্জাদ উদ্দীন আহম্মেদ, একই কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক অমর ভট্টাচার্য, মনোহরগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক এরশাদ হোসেন ও একই কলেজের সহ-গ্রন্থাগারিক বেলায়েত হোসেন। তাঁরা মনোহরগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রের পর্যবেক্ষক ছিলেন। পরীক্ষার্থীদের শরীর তল্লাশি ও হল পর্যবেক্ষণে শৈথিল্য প্রদর্শন করায় তাঁদের পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। মনোহরগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং একই কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মতিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে গতকাল ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা জেলার ছয়জন, নোয়াখালী ও ফেনী জেলার দুজন করে এবং লক্ষ্মীপুরের একজন পরীক্ষার্থী রয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস বলেন, পরীক্ষার হলে সংশ্লিষ্ট শিক্ষকেরা দায়িত্বহীনতার পরিচয় দেওয়ায় তাঁদের বোর্ডের পরিদর্শন দল ও সরকারি কর্মকর্তারা বহিষ্কার করেন। পরীক্ষার্থীদের বহিষ্কার করার বিষয়টিও তিনি নিশ্চিত করেন।