চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকসহ চারটি পলিটেকনিক ইনস্টিটিউটে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা আট মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটটে কর্মরত নিরাপত্তারক্ষী খাইরুল হাসান, মনিরুজ্জামান, এমএলএস মোমিন ও পরিচ্ছন্নতাকর্মী শিল্পী খাতুন ও রুনা খাতুন প্রথম আলোকে বলেন, তাঁরা ১৪ জন চতুর্থ শ্রেণির কর্মচারী ২০১৪ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন। গালফ সিকিউরিটি সার্ভিসেস (প্রাইভেট) লিমিটেডের পক্ষ থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের চুক্তির মাধ্যমে তাঁরা নিযুক্ত হন। ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত তাঁরা শেষ বেতন-ভাতা পেয়েছেন। একই অবস্থা একইভাবে নিয়োগ পাওয়া কিশোরগঞ্জ, মাগুরা ও মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে নিয়োগ পাওয়া নিরাপত্তারক্ষী মনিরুজ্জামান বলেন, ‘দেশে চাকরির অভাব। তাই স্নাতকোত্তর পাস করেও এ চাকরি করছি। ৫০ কিলোমিটার দূরের রাজশাহী থেকে যাওয়া-আসা করছি। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।’
পরিচ্ছন্নতাকর্মী বিধবা শিল্পী খাতুন বলেন, নিজের ছোট একটা ছেলে, মৃত ভাইয়ের এক ছেলে ও মাকে নিয়ে বাসা ভাড়া করে থাকেন। এখন তাঁর মাকেও গৃহকর্মীর কাজ করতে হচ্ছে। সামনে কোরবানির ঈদ। কোরবানি দেওয়া তো দূরের কথা, ওই দিন একটু ভালো খাবারের ব্যবস্থা করারও সামর্থ্য নেই বলে জানান শিল্পী খাতুন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ চারটি পলিটেকনিক ইনস্টিটিউটে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারীরা এরই মধ্যে নিজ নিজ জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। ইনস্টিটিউটগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়ে আবেদন জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।