আগামী চার-পাঁচ মাসের মধ্যে বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এ লক্ষ্যে শিগগিরই নতুন করে দরপত্র আহ্বান করা হবে।গত বুধবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেয়। এর আগে যোগাযোগ মন্ত্রণালয় সড়ক ও জনপথ অধিদপ্তরে কালো তালিকাভুক্ত কোম্পানি চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে কাজ দেওয়ার জন্য নির্বাচন করেছিল।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত যোগাযোগমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।যোগাযোগমন্ত্রী দাবি করেন, বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ করতে নামকরা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো তেমন আগ্রহী নয়। তাই বড় প্রতিষ্ঠানগুলো থেকে কোনো দরপত্রও আসে না।সেতুর নির্মাতা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার হুন্দাই কোম্পানিকে দিয়ে কেন মেরামত করানো হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের ওয়ারেন্টি সময় পেরিয়ে গেছে। এর পরও তাদের মানবিক দায়বদ্ধতা আছে। তারা ইচ্ছা করলে এটা করতে পারত। কিন্তু তারা এগিয়ে আসছে না, তাই নিজেদের উদ্যোগে মেরামত করতে হচ্ছে।পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতি প্রসঙ্গে সৈয়দ আবুল হোসেন বলেন, শিগগিরই নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হবে। কাজ শুরু হবে আগামী বছরের প্রথমদিকেই। এই বিষয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা হচ্ছে এবং অনেক অগ্রগতি হয়েছে।