চার পার্বত্য উপজেলা পাঁচ দিন ধরে বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে বিকল হয়ে যাওয়া খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি এখনো পুনঃস্থাপন করা হয়নি। ফলে পাঁচ দিন ধরে দীঘিনালাসহ রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলাবাসী অন্ধকারে কাটাচ্ছে। টর্নেডোর পর থেকে রাঙামাটির কাপ্তাই উপজেলায়ও পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। দাপ্তরিক কাজ সম্পন্ন করে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রে ট্রান্সফরমারটি বসাতে আরও তিন দিন সময় লেগে যাবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে। ২৫ মে গভীর রাতে বজ্রপাতে দীঘিনালা উপকেন্দ্রের ট্রান্সফরমারটি সম্পূর্ণ অকেজো হয়ে যায়। ফলে দীঘিনালা উপকেন্দ্রের আওতাধীন রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা জানান, আগামী মঙ্গলবার নাগাদ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত পাঁচ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি কাপ্তাইয়ে পানির অভাব প্রকট আকার ধারণ করেছে। ২৫ মে রাত আটটার দিকে কাপ্তাইয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর পর থেকে উপজেলার কাপ্তাই ইউনিয়নের বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে।স্থানীয় লিচুবাগান বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করলে কর্মকর্তা মো. আবদুল হক জানান, টর্নেডোয় ৩৩ এবং ১১ কিলো ভোল্টের সঞ্চালন লাইনে মারাত্মক ক্ষতি হয়েছে।