চার পাশে আলো, শুধু গুচ্ছগ্রামটি অন্ধকারে
প্রায় ২১ বছর আগে প্রতিষ্ঠা পাওয়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধানগড়া গুচ্ছগ্রামে এখনো বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। চারপাশের বিভিন্ন মহল্লার বাড়িগুলোতে বিদ্যুতের ঝলকানি থাকলেও গুচ্ছগ্রামের বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন এ সুবিধা থেকে।
গত রোববার গুচ্ছগ্রামে ঘুরে গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৪ সালে তৎকালীন বিএনপি সরকারের সময়ে ফুলজোড় নদীপাড়ে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় চার একর জমিতে ভূমিহীনদের জন্য ধানগড়া গুচ্ছগ্রামটি উদ্বোধন করা হয়। প্রথমে ৩০টি পরিবারের আবাসন-সুবিধা দেওয়া হলেও বর্তমানে সেখানে ৬০টি পরিবারে প্রায় ৫০০ জন বসবাস করছেন। ভোটার রয়েছেন দেড় শতাধিক।
এ গ্রামের চারজন বাসিন্দা অভিযোগ করেন, বিভিন্ন পর্যায়ের ভোটের আগে-পরে বিভিন্ন দলের নেতা-কর্মীরা বিদ্যুৎ-সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বিদ্যুতের দেখা মেলেনি। বিদ্যুৎ-সংযোগ না দেওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে এখানকার শিক্ষার্থীরা। সন্ধ্যা নামলেই সবাই বিদ্যুতের আলোয় পড়তে পারলেও এ গ্রামের বাসিন্দাদের ভরসা কুপিবাতি।
উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী কলি খাতুন বলে, ‘আশপাশের সবাই বিদ্যুতের আলোয় পড়ালেখা করলেও আমাদের হারিকেনের আলোয় পড়তে হয়।’ গৃহবধূ মাহফুজা বেগম বলেন, এ গ্রামের বেশির ভাগ মানুষই শ্রমজীবী। তাঁদের গ্রামটি ২০০৫ সালে রায়গঞ্জ পৌরসভায় আওতাভুক্ত হওয়ায় তাঁরা আশা করেছিলেন হয়তো এবার অন্ধকার দূর হবে। কিন্তু পৌরসভা গঠনের ১০ বছর পার হলেও তাঁদের অবস্থার হেরফের হয়নি। আশপাশের সব এলাকায় বিদ্যুৎ থাকলেও শুধু তাঁদের এলাকাই অন্ধকার। এখানে-সেখানে আবেদন করেও এর প্রতিকার হয়নি। তাই অন্ধকার নামলেই আজও তাঁদের ভরসা কুপিবাতি অথবা হারিকেন।
গ্রামের বাসিন্দা আকবর আলী বলেন, সারা দিন বাইরে কাজ করে বাড়ি ফিরে অন্ধকারে রাত কাটাতে হয়। বিদ্যুৎ না থাকায় টেলিভিশনে দেশ-বিদেশের খবরও জানা যায় না।
রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজেদুল ইসলাম বলেন, বিদ্যুৎ-সংযোগ দেওয়ার বিষয়ে চেষ্টা চলছে।
পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, নিয়মিতই এ বিষয়ে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ রাখা হচ্ছে, কিন্তু এখনো আশাব্যঞ্জক কিছু জানা যায়নি।
এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নিয়াজ উদ্দিন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
এ ব্যাপারে জ্নরত চাইলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার প্রথম আলোকে বলেন, পৌর এলাকার একটি অংশ বিদ্যুৎহীন থাকার বিষয়টি তাঁর জানা ছিল না। গুচ্ছগ্রামে বিদ্যুৎ-সংযোগের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলবেন।