ছাত্রলীগের নেতা আবু আব্বাস ভূঁইয়ার ওপর নির্যাতনের মামলায় পুলিশের চার কর্মকর্তার জামিন বাতিল করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাঁরা হলেন: রমনা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম, এসআই নাসের আলী ও সার্জেন্ট আনোয়ার হোসেন।ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেন গতকাল রোববার এ আদেশ দেন। গত বছরের ১৯ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। এরপর ২২ সেপ্টেম্বর আদালত ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২৬ সেপ্টেম্বর ওই চারজন উচ্চ আদালত থেকে জামিন নেন। গতকাল মামলার শুনানিতে তাঁদের হাজির হওয়ার কথা ছিল।আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের নেতা আবু আব্বাস ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে পুলিশ—এ অভিযোগে ২০০৮ সালের মার্চে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করেন আব্বাস। আদালত ঘটনা তদন্ত করে মহানগর গোয়েন্দা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত। সিআইডি লুৎফুজ্জামান বাবরকে বাদ দিয়ে পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয়।সিআইডির প্রতিবেদনে বলা হয়, হুমায়ুন আজাদের ওপর হামলার পরদিন আওয়ামী লীগের আহূত হরতাল চলাকালে মিছিল থেকে আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেয় রমনা থানার পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়, একই দিন গ্রেপ্তার হওয়া ছাত্ররা মুচলেকা দিয়ে বের হওয়ার সময় আব্বাসকে ‘জখমি অবস্থায়’ থানাহাজতে দেখেছেন। তাই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা দায়িত্ব এড়াতে পারেন না। আরও বলা হয়, থানার পুলিশ হেফাজতে থাকার সময় আব্বাসের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য তাঁকে মারধর করে।