সোনারগাঁয়ে পুলিশের নির্যাতনে শামীমের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন
চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারসুপারিশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের নির্যাতনে শামীম রেজার মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ গঠিত তদন্ত কমিটি গত মঙ্গলবার প্রতিবেদন জমা দিয়েছে।
কমিটির তদন্তে নির্যাতনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় প্রতিবেদনের পরিদর্শক অরূপ তরফদার ও উপপরিদর্শক (এসআই) পল্টু ঘোষকে প্রত্যাহার এবং সহকারী পুলিশ সুপার (এএসপি-বি সার্কেল) উত্তম প্রাসাদকে অন্যত্র বদলির সুপারিশ করা হয়। এ ছাড়া প্রশাসনিক অদক্ষতা ও দায়িত্বে অবহেলার কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের কাছে প্রতিবেদনটি জমা দেন।
এর আগে ২৬ মে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) গোলাম ফারুকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী তাৎক্ষণিক ঢাকা রেঞ্জের ডিআইজি মো. নুরুজ্জামান পরিদর্শক অরূপ তরফদার ও এসআই পল্টু ঘোষকে প্রত্যাহার এবং সহকারী পুলিশ সুপার (এএসপি-বি সার্কেল) উত্তম প্রাসাদকে অন্যত্র বদলির নির্দেশ দেন। জেলা পুলিশ সুপার তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আশরাফুজ্জামান জানান, ‘পুলিশ সদর দপ্তরের উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে আমাদের প্রতিবেদনের মিল রয়েছে। আমরা তদন্ত করে এই চারজনের বিরুদ্ধে নির্যাতন ও দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছি। তাই চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি।’
গত ১৯ এপ্রিল সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের স্ত্রীসহ ঘরের চারজনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ১৪ মে শামীমকে আটক করেছিল পুলিশ। ১০ লাখ টাকা দাবি করে ছয় দিন তাঁকে থানার পরিদর্শক ও ওসির বাসায় আটকে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। ২০ মে তাঁকে আদালতে হাজির করা হয়। ওই দিন গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জেলা পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আদালতে চার খুনের ঘটনায় নিজেকে জড়িয়ে ম্যাজিস্ট্রেটের কাছে শামীমের দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধকালে তাঁকে নির্যাতনের বিষয়টি উল্লেখ করা হয়নি। কেবল তাঁর হাতে হাতকড়ার দাগ ছিল বলে উল্লেখ করা হয়েছে। শামীমকে ১৪ মে থেকে আটক করে ২০ মে পর্যন্ত আটকে রাখার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। শামীমের স্ত্রী দেখা করতে চাইলে ওসি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাঁকে ভয়ভীতি দেখান। পুলিশি হেফাজতে মারধরের কারণে শামীমের মৃত্যু হয়েছে কি না, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।