চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচারপতির নির্দেশ
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে হাইকোর্টের একজন বিচারপতির নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শককে (তদন্ত) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
নির্দেশ পেয়ে বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক গতকাল সকাল ১১টায় ধুনট থানায় যান। থানায় এসপির পরিদর্শন নোটে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বদরুজ্জামান গত বৃহস্পতিবার বিকেলে পরিবার নিয়ে ঢাকা থেকে তাঁর শ্বশুরবাড়ি ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের কৈগাতি গ্রামে বেড়াতে আসেন। পথে বগুড়ার চান্দাইকোনা থেকে তাঁকে পুলিশি নিরাপত্তা দিয়ে শ্বশুরবাড়ি পর্যন্ত নিয়ে আসার দায়িত্বে ছিলেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মোতালেব। কিন্তু তিনি যথাসময়ে যথাযথ স্থানে উপস্থিত হতে পরেননি। এ কারণে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাঁকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের জন্য বগুড়া পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. বদরুজ্জামান।
পরিদর্শন নোটে আরও বলা হয়, তাঁর এক আত্মীয় চালাপাড়া গ্রামের কামাল পাশা (২৫) নামের এক যুবককে গত ২ জুলাই মোটরসাইকেল চুরির অভিযোগে বাড়ি থেকে গ্রেপ্তার করে মারধর করার অভিযোগ করেন বিচারপতি। কামালকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে শাস্তি দেওয়ানোর অভিযোগে থানার ওসি মোজাফ্ফর হোসেন, এসআই আলহাজ এবং এএসআই আনিছুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নিদের্শ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি বিচারপতি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানকে পুলিশের গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
কামাল পাশা প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, পুলিশ তাঁকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে থানায় আটকে রেখে মারধর করেছে। এরপর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে। আদালত তাঁকে সাত দিনের শাস্তি দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
জানতে চাইলে ধুনট থানার ওসি মোজাফ্ফর হোসেন দাবি করেন, চালাপাড়া গ্রামের হেলাল উদ্দীন নামের এক স্কুলশিক্ষকের মোটরসাইকেল চুরির সন্দেহভাজন আসামি হিসেবে কামালকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছিল। তাঁকে থানায় কোনো মারধর করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনার বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেছেন।
বগুড়া জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, হাইকোর্টের বিচারপতির নির্দেশে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে একজন কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। অন্য যে তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁরা ছুটিতে থাকায় তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। ছুটি শেষে কাজে যোগ দিলে তদন্ত করে তাঁদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।